মেহেরপুরে মেয়াদোত্তীর্ণ ও নমুনা ওষুধ রাখায় দুই ফার্মেসিকে জরিমানা
অক্টোবর ১৫, ২০২৬ ৭:১৩ অপরাহ্ণ
মেহেরপুর নিউজ
মেহেরপুরে মেয়াদোত্তীর্ণ ওষুধ ও ফিজিশিয়ান স্যাম্পল রাখার অভিযোগে দুই ওষুধ ব্যবসায়ীকে মোট ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার দুপুরে মেহেরপুর শহরের কাঁসারি বাজার এলাকায় জেলা প্রশাসনের উদ্যোগে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
মেহেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিরাজুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে কাঁসারি বাজার এলাকার আলহেরা ফার্মেসি ও জনপ্রিয় ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ এবং ফিজিশিয়ান স্যাম্পল রাখার বিষয়টি পাওয়া যায়।
এ সময় ওষুধ ও কসমেটিকস আইন, ২০২৩-এর ৪০ ধারার (ক), (খ) ও (ঘ) উপধারায় দুই ব্যবসায়ীর কাছ থেকে মোট ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
