শুটিং করতে গিয়ে আহত হয়েছেন অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী। সোমবার (১২ অক্টোবর) মহাখালীর ক্যানসার ইনস্টিটিউটে শুটিংয়ের সময় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিজেই জানিয়েছেন অভিনেত্রী।
মঙ্গলবার (১৩ অক্টোবর) এক বার্তায় উর্বী বলেন, ‘গতকাল শুটিংয়ে আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। সত্যি বলতে, অভিজ্ঞতাটা ছিল ভয়ংকর!’
ঘটনার বর্ণনা দিয়ে উর্বী জানান, হাসপাতালের একটি দৃশ্যের শুটিং করছিলেন তিনি। ওই দৃশ্যে হাসপাতালের বিছানায় শুয়ে ছিলেন তিনি, আর অন্যরা বিছানাটি টেনে একটি কক্ষে নিয়ে যাচ্ছিলেন। ক্লোজ শট নেওয়ার জন্য চিত্রগ্রাহক বিছানার ওপর উঠে তাঁর মুখের সামনে ক্যামেরা সেট করছিলেন। শুটিংয়ের মাঝখানে বিছানাটি ঝাঁকি খাওয়ায় চিত্রগ্রাহক ভারসাম্য হারিয়ে ক্যামেরাসহ তাঁর মুখের ওপর পড়ে যান।
উর্বী বলেন, ‘এক মুহূর্তের জন্য আমি কিছু দেখতে পাচ্ছিলাম না, কথা বলতে পারছিলাম না। ব্যথাটা ছিল অসহ্য!’
দুর্ঘটনার পরপরই হাসপাতালে যান তাঁরা। সেখানে উর্বীর এক্স-রে করানো হয়। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বর্তমানে ওষুধ খাচ্ছেন তিনি।
এ ঘটনায় কাউকে দোষারোপ করছেন না উর্বী। তাঁর ভাষ্য, ‘একটা কথা পরিষ্কার করে বলতে চাই, এখানে কারও কোনো দোষ নেই। এটা একটা দুর্ঘটনা ছিল। সবাই নিজের কাজটা ঠিকভাবেই করছিলেন। কিন্তু দুর্ঘটনাটা আমার সঙ্গে ঘটেছে, আর আমি যে ব্যথার মধ্য দিয়ে গিয়েছি, সেটা একদম বাস্তব।’
উর্বী জানান, দুর্ঘটনায় তাঁর নাকে প্রচণ্ড ব্যথা পেয়েছেন এবং নাক ফুলে গেছে। তবে এর চেয়ে বড় কোনো ক্ষতি হয়নি ভেবে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।
দুর্ঘটনার পরও কাজ থেকে বিরতি নেননি এই অভিনেত্রী। আজও শুটিং করছেন তিনি। পূর্ণাঙ্গ সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন প্রিয়ন্তী উর্বী।
এমএ
