ভারত থেকে বাংলাদেশ রেলওয়ের বহরে যুক্ত হতে যাচ্ছে নতুন প্রজন্মের ১৮টি লিংকে হফম্যান বুশ (এলএইচবি) ব্রডগেজ যাত্রীবাহী রেলকোচ। শুক্রবার (১৬ অক্টোবর) দুপুর দেড়টার দিকে চুয়াডাঙ্গার দর্শনা আন্তর্জাতিক রেলস্টেশন দিয়ে কোচগুলো বাংলাদেশে প্রবেশ করার কথা রয়েছে। এটি ভারত থেকে সরবরাহ করা ২০০টি এলএইচবি কোচের মধ্যে প্রথম চালান।
বাংলাদেশ রেলওয়ের চাহিদা ও পরিচালনব্যবস্থা বিবেচনায় নিয়ে বিশেষভাবে কোচগুলো তৈরি করা হয়েছে। ভারতের পাঞ্জাবের কাপুরথালায় অবস্থিত রেল কোচ কারখানায় নির্মিত এসব কোচ বর্তমানে পশ্চিমবঙ্গের রানাঘাট রেলস্টেশনে অবস্থান করছে।
দর্শনা আন্তর্জাতিক রেলস্টেশনের স্টেশন ম্যানেজার মামুনুর রশিদ জানান, গত ১২ অক্টোবর ভারতের পাঞ্জাবের কাপুরথালা থেকে ব্রডগেজ যাত্রীবাহী রেলকোচগুলো বাংলাদেশের উদ্দেশে যাত্রা শুরু করে। পরে সেগুলো ভারতের রানাঘাট স্টেশনে পৌঁছায়। শুক্রবার দুপুরের দিকে কোচগুলো সেখান থেকে রওনা দিয়ে গেদে সীমান্তে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে চুয়াডাঙ্গার দর্শনা-জয়নগর সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করবে।
তিনি আরও জানান, দর্শনা আন্তর্জাতিক রেলস্টেশনে কাস্টমসের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর কোচগুলো সৈয়দপুর রেলওয়ে কারখানায় নেওয়া হবে। সেখানে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও কারিগরি যাচাই শেষে যাত্রীবাহী ট্রেনে যুক্ত করার প্রস্তুতি নেওয়া হবে।
প্রথম চালানে আসা ১৮টি কোচের মধ্যে রয়েছে তিনটি শীতাতপ নিয়ন্ত্রিত শয্যাযান, তিনটি শীতাতপ নিয়ন্ত্রিত চেয়ার কোচ, ১১টি সাধারণ চেয়ার কোচ এবং দুটি বিদ্যুৎ সরবরাহকারী কোচ।
উল্লেখ্য, বাংলাদেশ রেলওয়ের সঙ্গে ভারতের রেল ইন্ডিয়া টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক সার্ভিসেস লিমিটেডের (রাইটস) সম্পাদিত চুক্তির আওতায় মোট ২০০টি এলএইচবি ব্রডগেজ যাত্রীবাহী রেলকোচ সরবরাহের কথা রয়েছে। ভারতের রাইটস লিমিটেড এসব কোচ সরবরাহের দায়িত্বে রয়েছে।
নতুন প্রজন্মের এসব কোচ বাংলাদেশ রেলওয়ের বহরে যুক্ত হলে যাত্রী পরিবহনের সক্ষমতা বাড়ানোর পাশাপাশি রেলসেবার মান উন্নয়নে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
The post দর্শনা সীমান্ত দিয়ে বাংলাদেশে আসছে ভারতের ১৮টি নতুন রেলকোচ appeared first on ভোরের চেতনা.
