খন্দকার জলিল, জেলা প্রধান (পটুয়াখালী): পটুয়াখালীর গলাচিপা উপজেলার চর বিশ্বাস ইউনিয়নের চর বাংলায় ভূমিহীন কৃষকদের সরকারের বন্দোবস্তকৃত জমি বেআইনিভাবে দখল, সন্ত্রাসী হামলা, মারধর ও নির্যাতনের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবারগুলো। সংবাদ সম্মেলনে কৃষক ও স্থানীয় বাসিন্দারা তাদের চাষাবাদি জমি উদ্ধার, নিজেদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং হামলায় জড়িতদের বিরুদ্ধে আইনগত শাস্তির দাবি জানিয়েছেন। শুক্রবার (২৩ অক্টোবর) রাতে সংবাদ সম্মেলনে চর বাংলা গ্রামের স্থায়ী বাসিন্দা ও ভূমিহীন কৃষক মোঃ বশির হাওলাদার অভিযোগ করেন, তিনি ও তার পরিবার দীর্ঘদিন ধরে সরকারের নিয়ম মেনে বন্দোবস্তকৃত কৃষি জমিতে চাষাবাদ করে আসছেন। চলতি মৌসুমে চর বাংলার দক্ষিণ পাশে বর্গা হিসেবে প্রায় ২০ একর জমিতে ধানের বীজ রোপণ করা হলে, বিরোধীয় পক্ষ থেকে তাকে উচ্ছেদের জোর তৎপরতা শুরু হয়। বশির হাওলাদারের ভাষ্যমতে, পটুয়াখালী জেলা যুব অধিকার পরিষদের সহ-সভাপতি মো. মহিবুল্লাহ এনিমের নেতৃত্বে ৭০-৮০ জনের একটি সশস্ত্র দল ট্রলারে এসে জমিতে আকস্মিক হামলা চালায়। ঐ সময় জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’-এ ফোন করা হলেও তাৎক্ষণিক পুলিশি সহায়তা পাননি বলে অভিযোগ করেন তিনি। পরবর্তীতে জমি জবর দখলের উদ্দেশ্যে স্কেভেটর (বেকু) দিয়ে মাটি কাটার চেষ্টা করা হলে তাতে বাঁধা দিলে হামলাকারীরা কৃষকদের ওপর চড়াও হয়। এ সময় একাধিক ব্যক্তি গুরুতর আহত হন এবং শাহজাহান নামে এক ব্যক্তিকে জিম্মি করে রাখা হয় বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। একই সাথে উপস্থিত কৃষকদের জমির মূল দলিলপত্র, নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগও তোলেন তারা। অভিযোগ অনুযায়ী, হামলায় গুরুতর আহত অবস্থায় গত ১৯ অক্টোবর সোমবার রাতে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কয়েকজনকে ভর্তি করা হয়। চিকিৎসাধীন আহত ব্যক্তিদের মধ্যে রয়েছেন ইউসুফ মাতব্বর (৭০), লোকমান সরদার (৫৫), আক্কেল প্যাদা (৮০), ওসমান আলী (৮০) ও মোন্নাত ফরাজী (৭৫)। প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাদের হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা প্রদান করা হয়। ভুক্তভোগীরা অভিযোগ করেন, ঘটনার পর গলাচিপা থানায় লিখিত অভিযোগ দিতে গেলে প্রাথমিক পর্যায়ে পুলিশ তা আমলে নিতে অনীহা প্রকাশ করে। পরবর্তীতে কোনো উপায় না পেয়ে কৃষক মোঃ ইউসুফ মাতব্বর বাদী হয়ে গলাচিপা উপজেলা জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর প্রতিপক্ষ আরও ক্ষুব্ধ হয়ে ওঠে এবং উল্টো কৃষকদের নামে পাল্টা মামলা দায়ের করে মিথ্যা অপপ্রচার চালাতে থাকে বলে দাবি করেন সংবাদ সম্মেলনে উপস্থিত ব্যক্তিরা। ঢাকা মহানগর উত্তর ছাত্র দলের সাবেক সাবেক যুগ্ম সাধারন সম্পাদক ও গলাচিপা উপজেলা বিএনপির সাবেক সহ সম্পাদক ইঞ্জিনিয়ার নিয়াজ মাহমুদ নকিব, মোঃ মামুন প্যাদা ও মোঃ সোলায়মানকে ‘ভূমিদস্যু’ আখ্যায়িত করে মানহানিকর তথ্য প্রচার করা হচ্ছে বলে তীব্র নিন্দা প্রকাশ করা হয়। ভুক্তভোগীদের দাবি, ভাড়াটে লোক এনে এই অপপ্রচার চালানো হচ্ছে যাতে প্রকৃত বন্দোবস্তপ্রাপ্ত কৃষকরা নিজেদের অধিকার থেকে বঞ্চিত হন। সংবাদ সম্মেলনে জানানো হয়, বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরেও এখনো স্থায়ী কোনো সমাধান পাওয়া যায়নি। এ অবস্থায় সংবাদ সম্মেলনের শেষাংশে উপস্থিত ভুক্তভোগীরা পটুয়াখালী জেলা প্রশাসক, গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে পুরো ঘটনার নিরপেক্ষ সুষ্ঠু তদন্ত, হামলাকারীদের আইনানুগ বিচার এবং তাদের বন্দোবস্তকৃত জমি পুনরুদ্ধারের জোর আকুল আবেদন জানান।
The post গলাচিপায় বন্দোবস্তকৃত জমি দখল ও কৃষকদের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন appeared first on Matrijagat.
