ঢাকা-১৫ আসনে মসজিদ কমিটি, বাড়ির মালিক, বিশিষ্ট ব্যক্তি ও মিরপুর কেন্দ্রীয় মন্দিরের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করে স্থানীয় সমস্যা, নাগরিকদের প্রত্যাশা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার বিষয়ে আলোচনা করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান এমপি।
ঢাকা-১৫ আসনের বিভিন্ন এলাকার মসজিদ কমিটির নেতৃবৃন্দ, বাড়ির মালিক, বিশিষ্ট ব্যক্তি ও মিরপুর কেন্দ্রীয় মন্দিরের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শনিবার (১৭ অক্টোবর) ঢাকা-১৫ আসনের বিভিন্ন এলাকায় এসব মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময়ের অংশ হিসেবে তিনি আসনের ৪ নম্বর ওয়ার্ডের বাইতুর রেজা মসজিদ কমিটির নেতৃবৃন্দ এবং বাইশটেকি ও ইমামনগর এলাকার বিভিন্ন বাড়ির মালিকদের সঙ্গে আলোচনা করেন। এ ছাড়া ১৬ নম্বর ওয়ার্ডের উত্তর কাফরুল মসজিদ কমিটির সভাপতি ও অন্যান্য নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন। দক্ষিণ কাফরুলের মৌলভীপাড়া এলাকার বাড়ির মালিক ও বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গেও কথা বলেন তিনি।
দুর্গাপূজা উপলক্ষে মিরপুর কেন্দ্রীয় মন্দিরের নেতৃবৃন্দের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন বিরোধীদলীয় নেতা।
এসব মতবিনিময় সভায় স্থানীয় এলাকার বিভিন্ন বিষয়, নাগরিকদের প্রত্যাশা এবং পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রাখার গুরুত্ব নিয়ে আলোচনা হয়।
মতবিনিময় সভাগুলোতে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দীন মানিক, ঢাকা-১৫ আসনের সদস্য সচিব শাহ আলম তুহিন, কাফরুল দক্ষিণ থানা আমির আনোয়ারুল করিম, কাফরুল উত্তর থানা আমির রেজাউল করিম, ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মনিরুজ্জামান খান, ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মো. আইয়ুব আলী, কাফরুল দক্ষিণ থানা সেক্রেটারি আবু নাহিদ ও কাফরুল উত্তর থানা সেক্রেটারি আশিকুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ।
