আসন্ন শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপন, পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিতকরণ এবং উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার লক্ষ্যে বগুড়ার ধুনটে মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। সভা শেষে দুস্থ ও অসহায় সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে প্রধানমন্ত্রীর উপহারের শাড়ি এবং পূজামণ্ডপে চাল বিতরণ করা হয়।
বুধবার (১৪ অক্টোবর) দুপুরে ধুনট উপজেলা পরিষদের ইছামতী হলরুমে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সভা ও বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফ উল্লাহ নিজামী। প্রধান অতিথি ছিলেন বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের সংসদ সদস্য আলহাজ্ব গোলাম মোহাম্মদ সিরাজ।
সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ আসন্ন শারদীয় দুর্গোৎসবে সব ধরনের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে সজাগ থাকার আহ্বান জানান।তিনি বলেন, “শারদীয় দুর্গাপূজা আবহমান বাংলার ঐতিহ্য ও সম্প্রীতির উৎসব। সরকার প্রতিটি ধর্মের মানুষের ধর্মীয় স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিতে বদ্ধপরিকর।”
সভা শেষে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রধানমন্ত্রীর ত্রাণভান্ডার থেকে পাওয়া শাড়ি দুস্থ, অসহায় ও দরিদ্র সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে বিতরণ করা হয়। পাশাপাশি পূজামণ্ডপে আগত ভক্তদের আহারের জন্য সংশ্লিষ্ট মণ্ডপগুলোতে ত্রাণসামগ্রী হিসেবে চাল দেওয়া হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বগুড়া জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, ধুনট উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব এ কে এম তৌহিদুল আলম মামুন।
এ ছাড়া সভায় উপস্থিত ছিলেন ধুনট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মীর আল মনসুর শোয়াইব, ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল্লাহ আল কাফি, উপজেলা কৃষি কর্মকর্তা সামিদুল ইসলাম, ধুনট পৌরসভার সাবেক প্রশাসক আকতার আলম সেলিম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আপেল মাহমুদ, ধুনট উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অধ্যাপক বিকাশ চন্দ্র শাহা, ধুনট উপজেলা জামায়াতের আমির সহকারী অধ্যাপক মাওলানা মো. আমিনুল ইসলাম, ধুনট প্রেসক্লাবের সভাপতি রফিকুল আলম এবং ধুনট উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এ রাশেদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় রাজনৈতিক নেতারা।
সভায় বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও প্রতিনিধিরাও অংশ নেন। তাঁদের মধ্যে ছিলেন মো. হাসানুল করিম পুটু, মোছা. সোনিতা নাসরিন, মো. জাকির হোসেন জুয়েল, মো. মাসুদুল হক বাচ্চু, মো. আনোয়ারুল ইসলাম, মো. বেল্লাল হোসেন বাবু, ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. নূর নবী, মো. আব্দুল কাদের ও মো. শাহাদাৎ হোসেন পিষ্টন।
সভায় আসন্ন দুর্গোৎসব উপলক্ষে পূজামণ্ডপগুলোর নিরাপত্তা জোরদার, অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধ এবং অপরাধমূলক কর্মকাণ্ড ঠেকাতে কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
পাশাপাশি স্থানীয় পর্যায়ের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে সমাধানের লক্ষ্যে জনপ্রতিনিধি, উপজেলা প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে সমন্বয় ও সহযোগিতা আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন সভায় অংশগ্রহণকারীরা।
The post ধুনটে দুস্থ, অসহায় ও দরিদ্র সনাতন ধর্মাবলম্বীদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ appeared first on ভোরের চেতনা.
