আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নির্বিঘ্ন ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপনের লক্ষ্যে গাইবান্ধার সাদুল্লাপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ১১টি ইউনিয়নের ১১১টি পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করতে আনসার, পুলিশ, স্বেচ্ছাসেবক ও গ্রামপুলিশ নিয়োজিত রাখার সিদ্ধান্তের কথা সভায় জানানো হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রওজাতুন জান্নাত। সভা সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মানিক চন্দ্র রায়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনের সংসদ সদস্য আবুল কাওছার মোহাম্মদ নজরুল ইসলাম লেবু মাওলানা।
এ ছাড়া উপস্থিত ছিলেন সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম হাবিবুর রহমান হাবিব, উপজেলা বিএনপির আহ্বায়ক সামছুল হাসান সামছুল, সদস্যসচিব আব্দুস ছালাম মিয়া, বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা আমির এরশাদুল হক ইমন, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউনিয়ন পূজা উদ্যাপন কমিটি ও মন্দির কমিটির সভাপতি-সাধারণ সম্পাদক, উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্য এবং গণমাধ্যমকর্মীরা।
সভায় জানানো হয়, সাদুল্লাপুর উপজেলার ১১টি ইউনিয়নে এবার মোট ১১১টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। প্রতিটি পূজামণ্ডপে আটজন করে আনসার সদস্য দায়িত্ব পালন করবেন। পাশাপাশি সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, স্বেচ্ছাসেবক ও গ্রামপুলিশ নিয়োজিত থাকবে। নিরাপত্তা পর্যবেক্ষণের জন্য প্রতিটি পূজামণ্ডপে সিসি ক্যামেরা স্থাপনের ব্যবস্থাও রাখা হবে বলে সভায় জানানো হয়।
সভায় পূজামণ্ডপগুলোর নিরাপত্তা জোরদার, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপ্রীতিকর ঘটনা প্রতিরোধ এবং দর্শনার্থীদের নির্বিঘ্নে যাতায়াত নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। পূজার আগে ও পূজা চলাকালে উপজেলা প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জনপ্রতিনিধি এবং পূজা উদ্যাপন কমিটির সদস্যদের সমন্বিতভাবে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করা হয়।
সংশ্লিষ্টরা জানান, শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদ্যাপনে উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছে। প্রতিটি পূজামণ্ডপের নিরাপত্তাব্যবস্থা কার্যকর রাখা এবং সার্বিক পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণের মাধ্যমে উৎসবের পরিবেশ বজায় রাখার উদ্যোগ নেওয়া হয়েছে। উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কমিটির সমন্বিত উদ্যোগে সাদুল্লাপুরের ১১১টি পূজামণ্ডপে শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদ্যাপিত হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন সভায় উপস্থিত ব্যক্তিরা।
The post সাদুল্লাপুরে ১১১ পূজামণ্ডপে দুর্গাপূজা, নিরাপত্তায় থাকবে আনসার-পুলিশ appeared first on ভোরের চেতনা.
