সিলেট ভয়েস ডেস্ক · ২০ অক্টোবর, ২০২৬ ১০:৪০ পূর্বাহ্ন
শারদীয় দুর্গোৎসবের অন্যতম গুরুত্বপূর্ণ দিন মহানবমী আজ মঙ্গলবার (২০ অক্টোবর)। দেবী দুর্গার পূজা-অর্চনা, অঞ্জলি প্রদানসহ নানা ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে দিনটি উদ্যাপন করছেন সনাতন ধর্মাবলম্বীরা।
সকাল থেকেই বিভিন্ন পূজামণ্ডপে মহানবমীর পূজা শুরু হয়েছে। পুরোহিতদের মন্ত্রোচ্চারণের পাশাপাশি ভক্তরা অঞ্জলি দিচ্ছেন। ঢাকের বাদ্য, শঙ্খধ্বনি ও উলুধ্বনিতে মুখর হয়ে উঠেছে মণ্ডপগুলো। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে প্রতিমা ও মণ্ডপের সাজসজ্জা দেখতে দর্শনার্থীদের ভিড়ও বাড়ছে।
ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, মহানবমীতে দেবী দুর্গার শক্তি, সাহস ও অশুভ শক্তির বিরুদ্ধে বিজয়ের মহিমা স্মরণ করা হয়। এদিন ভক্তরা শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠা এবং হিংসা-বিদ্বেষ দূর হওয়ার প্রার্থনা করেন।
মহানবমী উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপে প্রসাদ বিতরণ, ধর্মীয় আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পূজাকে কেন্দ্র করে আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধবের মিলনও ঘটছে।
এদিকে দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপগুলোতে দর্শনার্থীদের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও স্বেচ্ছাসেবকেরা দায়িত্ব পালন করছেন।
গুগলে আমাদের খবর পেতে
