বান্দরবান জেলা পরিষদের ক্রীড়া বিভাগের দায়িত্ব পেলেন কাজী নিরূতাজ বেগম
বাসুদেব বিশ্বাস, বান্দরবান প্রতিনিধি
- আপডেট সময় : ১০:০৭:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ১৪ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
বান্দরবান পার্বত্য জেলা পরিষদের ক্রীড়া বিভাগের দায়িত্ব পেয়েছেন জেলা মহিলা দলের সভাপতি ও পরিষদের সদস্য কাজী নিরূতাজ বেগম। শনিবার (১৭ অক্টোবর) পরিষদের চেয়ারম্যান মা ম্যা চিং স্বাক্ষরিত এক অফিস আদেশে এ দায়িত্ব পুনর্বণ্টন করা হয়।
অফিস আদেশে গত ১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে জারি করা আদেশ বাতিল করে পরিষদের সদস্যদের দপ্তর পুনর্বণ্টন করা হয়েছে।
নতুন দায়িত্ব পাওয়ার বিষয়ে কাজী নিরূতাজ বেগম বলেন, পার্বত্য জেলা পরিষদের সদস্য হিসেবে ক্রীড়ার টেকসই উন্নয়নে মনোযোগ দিয়ে কাজ করবেন তিনি। তৃণমূল পর্যায়ে যুগোপযোগী সিদ্ধান্ত গ্রহণ, ক্রীড়া প্রতিভা অন্বেষণ এবং দীর্ঘমেয়াদি টেকসই পরিকল্পনা প্রণয়নে গুরুত্ব দিতে চান তিনি।
কাজী নিরূতাজ বেগম বলেন, ক্রীড়ার মানোন্নয়ন ও টেকসই বিকাশে বড় বড় প্রকল্প নেওয়ার পাশাপাশি সেগুলোর সুফল প্রান্তিক পর্যায়ে ছড়িয়ে দিতে হবে। এ ক্ষেত্রে নারী ক্রীড়াবিদদের বিশেষ অগ্রাধিকার দেওয়া হবে।
তিনি বলেন, ‘আমাদের অনেক সীমাবদ্ধতা আছে। তারপরও প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ক্রীড়া পরিকল্পনার ভিশন প্রান্তিক পর্যায়ে পৌঁছে দিতে চেষ্টা করব।’
এ সময় সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন কাজী নিরূতাজ বেগম। তিনি বলেন, সাংবাদিকেরা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। পার্বত্য জেলা পরিষদের সদস্য হিসেবে সাংবাদিকদের সহযোগিতা নিয়ে জনকল্যাণে ইতিবাচক ভূমিকা রাখতে চান তিনি।
