মুজাহিদ হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধি:
নওগাঁর বদলগাছী থানার নবনিযুক্ত অফিসার ইনচার্জ (ওসি) মো. হাবিবুর রহমানের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভা বর্জন করেছেন বদলগাছী উপজেলা প্রেসক্লাব ও বদলগাছী সাংবাদিক ইউনিয়নের সাংবাদিকরা। সভা আয়োজনে বৈষম্য ও পক্ষপাতের অভিযোগ তুলে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে প্রতিবাদ জানিয়ে তাঁরা সভাস্থল ত্যাগ করেন।
প্রত্যক্ষদর্শী ও উপস্থিত সাংবাদিকদের সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বেলা ১২টার দিকে বদলগাছী থানা প্রাঙ্গণে নবাগত ওসির পরিচিতি ও মতবিনিময় সভা শুরু হয়। সভায় উপস্থিত সাংবাদিকদের পরিচয়পর্ব শেষ হওয়ার পর আয়োজনে বৈষম্যের অভিযোগ তুলে অসন্তোষ প্রকাশ করেন সাংবাদিকরা। একপর্যায়ে প্রতিবাদ জানিয়ে তাঁরা সভা বর্জন করেন।
সভা বর্জনকালে উপস্থিত ছিলেন বদলগাছী উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সরেজমিনের প্রতিনিধি মো. ফেরদৌস হোসেন, দৈনিক ইনকিলাবের প্রতিনিধি মো. এনামুল কবির এনাম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক মুক্ত খবরের প্রতিনিধি মো. শহীদুল ইসলাম, দৈনিক আমাদের সময়ের প্রতিনিধি মো. ফারুক হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক সোনালী কণ্ঠের প্রতিনিধি মুজাহিদ হোসেন, অর্থ সম্পাদক ও দৈনিক গণমুক্তির প্রতিনিধি মো. ফিরোজ হোসেন, দৈনিক স্বাধীন সময়ের প্রতিনিধি মো. রবিউল ইসলাম, দৈনিক স্বাধীন দেশের প্রতিনিধি মো. আবু রাইহান লিটন, দৈনিক মানবাধিকার প্রতিদিনের প্রতিনিধি মো. রুহুল আমিন, দৈনিক অভয়নগরের প্রতিনিধি মো. রফিকুল ইসলাম হিমু এবং দৈনিক বাংলাদেশ সমাচারের প্রতিনিধি ফজলে রাব্বি।
এ ছাড়া বদলগাছী সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও বাংলা টিভির প্রতিনিধি মো. আশরাফুল নয়ন, সাধারণ সম্পাদক ও দৈনিক বাংলাদেশের আলোর প্রতিনিধি এবিএস রতন, যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক জনবাণীর প্রতিনিধি মো. রকি হোসেন এবং দৈনিক মুক্ত সকালের প্রতিনিধি মো. জাহাঙ্গীর আলমসহ উপজেলার অন্যান্য সাংবাদিক উপস্থিত ছিলেন। এ সময় থানার অন্যান্য পুলিশ সদস্যও উপস্থিত ছিলেন।
প্রতিবাদ জানানো সাংবাদিকরা বলেন, পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে স্থানীয় সাংবাদিকদের মধ্যে বিভাজন ও বৈষম্য সৃষ্টি কোনোভাবেই কাম্য নয়। অতীতে বদলগাছী থানায় দায়িত্ব পালনকারী কর্মকর্তারা কিংবা নওগাঁর পুলিশ সুপার সাংবাদিকদের নিয়ে মতবিনিময়ের ক্ষেত্রে এমন বিভাজন সৃষ্টি করেননি বলে তাঁরা দাবি করেন। তাঁদের ভাষ্য, আগে সব সাংবাদিককে একই প্ল্যাটফর্মে রেখে উন্মুক্ত মতবিনিময় সভার আয়োজন করা হতো। কিন্তু এবার মতবিনিময় সভা আয়োজনের ক্ষেত্রে বৈষম্য ও পক্ষপাতের পরিস্থিতি তৈরি হওয়ায় তাঁরা প্রতিবাদস্বরূপ সভা বর্জন করেছেন।
এ বিষয়ে বদলগাছী থানার নবাগত ওসি মো. হাবিবুর রহমান বলেন, গতকাল সাংবাদিকদের একটি দল নিয়ে মতবিনিময় সভা করা হয়েছিল। আজ আরেকটি দল নিয়ে মতবিনিময় সভা চলাকালে তাঁরা অসন্তোষ প্রকাশ করেন এবং সভা বর্জন করেন। বিষয়টি অনাকাঙ্ক্ষিত।
এ ঘটনায় বদলগাছীর স্থানীয় সাংবাদিকদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। সাংবাদিকদের সঙ্গে পুলিশের পেশাগত সম্পর্ক ও পারস্পরিক সহযোগিতা বজায় রাখতে ভবিষ্যতে বৈষম্যহীন ও অন্তর্ভুক্তিমূলক মতবিনিময় সভা আয়োজনের দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট সাংবাদিকরা।
এ জাতীয় আরো খবর..
