শারদীয় দুর্গাপূজা ঘিরে যেকোনো ধরনের নাশকতা ও অপ্রীতিকর ঘটনা প্রতিরোধ এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে দিনাজপুর শহরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উৎসবের পরিবেশ শান্তিপূর্ণ রাখতে বিজিবি ৪২ ব্যাটালিয়নের সদস্যরা টহল ও নজরদারি জোরদার করেছেন।
শনিবার (১৭ অক্টোবর) মহাসপ্তমীর সকালে মন্দিরে মন্দিরে পূজার্চনা, অঞ্জলি নিবেদন ও প্রতিমা দর্শনের মধ্য দিয়ে দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা শুরু হয়। সনাতন ধর্মাবলম্বীরা যাতে নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপন করতে পারেন, সে লক্ষ্যে পুলিশ ও আনসার সদস্যদের পাশাপাশি বিজিবির সদস্যরাও নিরাপত্তার দায়িত্ব পালন করছেন।
এরই অংশ হিসেবে শনিবার দুপুরে বিজিবি ৪২ ব্যাটালিয়নের জুনিয়র কমিশন অফিসার (নায়েক সুবেদার) মো. আব্দুল মতিনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল দিনাজপুর শহরের নিমতলা, খালপাড়সহ গুরুত্বপূর্ণ কয়েকটি দুর্গামন্দির পরিদর্শন করে। পরিদর্শনকালে বিজিবি কর্মকর্তারা পূজামণ্ডপ পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সঙ্গে কথা বলেন এবং মন্দিরগুলোর সার্বিক নিরাপত্তা পরিস্থিতির খোঁজখবর নেন। পাশাপাশি পূজা উদযাপন নির্বিঘ্ন রাখতে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নিয়েও আলোচনা করেন।
বিজিবি ৪২ ব্যাটালিয়নের জুনিয়র কমিশন অফিসার মো. আব্দুল মতিন জানান, শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে সম্পন্ন করা এবং দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত টহল, নজরদারি ও পর্যবেক্ষণ কার্যক্রম অব্যাহত থাকবে। দুর্গাপূজাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং ধর্মীয় উৎসবের নিরাপদ পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্ট বাহিনীগুলোর সমন্বিত তৎপরতা অব্যাহত রয়েছে।
The post দিনাজপুরে শারদীয় দুর্গাপূজায় বিজিবি’র টহল ও মন্দির পরিদর্শন appeared first on ভোরের চেতনা.
