চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক গোলচত্বরে নিয়ন্ত্রণ হারানো একটি মাইক্রোবাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালক, যাত্রী ও এক পথচারীসহ তিনজন আহত হয়েছেন। শুক্রবার (২৩ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে মাইক্রোবাস ও দুটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করে কর্ণফুলী থানা পুলিশ।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, পুরাতন ব্রিজঘাট সংযোগ সড়ক দিয়ে আসা মাইক্রোবাসটি মইজ্জ্যারটেক গোলচত্বরে পৌঁছে নিয়ন্ত্রণ হারিয়ে দুটি সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এ সময় কাছাকাছি থাকা এক পথচারীও আহত হন।
স্থানীয় দোকানিরা জানান, দ্রুতগতিতে আসা মাইক্রোবাসটির ধাক্কায় তিনজন আহত হন। তাঁদের মধ্যে এক পথচারী গুরুতর আহত হওয়ায় তাঁকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অন্য আহতদের পরিচয় ও শারীরিক অবস্থা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
দুর্ঘটনায় জড়িত মাইক্রোবাসটির নিবন্ধন নম্বর চট্ট মেট্রো-চ-৫১-১৫৬৮। ক্ষতিগ্রস্ত দুটি সিএনজিচালিত অটোরিকশার মধ্যে একটির নিবন্ধন নম্বর চট্ট মেট্রো-দ-১১-০০৮৯। অপর অটোরিকশাটি ‘অনটেস্ট’ অবস্থায় চলছিল বলে জানা গেছে।
দুর্ঘটনার পর ঘটনাস্থলে স্থানীয় লোকজনের ভিড় জমে। পরে পুলিশ মাইক্রোবাস ও দুটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করে। তবে দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ এবং মাইক্রোবাসের চালকের বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
এমএ
