‘শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ে জাতীয় কন্যাশিশু দিবস ২০২৬ পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে সকাল ১০টায় বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পঞ্চগড়ের জেলা প্রশাসক মোছা. শুকরিয়া পারভীন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সিফাত-ই-রাব্বান, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক সীমা শারমিনসহ পঞ্চগড়ের বিভিন্ন সামাজিক সংগঠনের নারী প্রতিনিধি এবং শিশু-কিশোরেরা।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোছা. শুকরিয়া পারভীন বলেন, কন্যাশিশুদের প্রতি সবাইকে যত্নবান হতে হবে। বাল্যবিবাহ প্রতিরোধে সমাজের সর্বস্তরের মানুষকে সচেতন ও সোচ্চার হতে হবে। শিশুদের সুরক্ষা ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে পরিবার, সমাজ এবং রাষ্ট্রকে সম্মিলিতভাবে দায়িত্ব পালন করতে হবে।
তিনি কন্যাশিশুদের অধিকার রক্ষা, নিরাপদ পরিবেশ নিশ্চিত করা এবং বাল্যবিবাহ প্রতিরোধে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। আলোচনা সভায় কন্যাশিশুদের সুরক্ষা, অধিকার প্রতিষ্ঠা ও তাদের সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।
