চাঁদপুরের মতলব উত্তর চরওয়েস্টার এলাকায় অভিযান চালিয়ে ফরহাদ হোসেন নামের এক যুবকের কোমরে লুঙ্গির গোছায় লুকানো দেশীয় তৈরি একটি এলজি (ওয়ান শুটারগান) উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (২১ অক্টোবর) দুপুরে মোহনপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চর ওয়েস্টার এলাকার ছৈয়াল বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তার ফরহাদ (৩৮) ওই এলাকার মৃত আব্দুল কুদ্দুস ছৈয়ালের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল অভিযান চালায়। এ সময় ফরহাদ হোসেনের পরিহিত লুঙ্গির কোমরে গোছায় একটি দেশীয় তৈরি এলজি উদ্ধার করা হয়।
মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানস বড়ুয়া বলেন, চরওয়েস্টার এলাকায় অভিযান চালিয়ে ফরহাদ হোসেনের লুঙ্গির কোমরে গোঁজা অবস্থায় দেশীয় তৈরি একটি এলজি উদ্ধার করা হয়েছে। অস্ত্রটির উৎস ও সংশ্লিষ্ট বিষয়ে তথ্য উদ্ঘাটনে পুলিশ তদন্ত করছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
মতলব সার্কেলের সহকারী পুলিশ সুপার জাবীর হুসনাইন সানীব বলেন, অপরাধ দমন, অবৈধ অস্ত্র উদ্ধার এবং এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
