ভোলার বোরহানউদ্দিনে বিদ্যুতের ছেঁড়া তার সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন বাবা আলম বক্তার। তাকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন দুই ছেলে। পরে হাসপাতালে নেয়া হলে দুই ভাইকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। তবে সামান্য আহত হয়ে প্রাণে বেঁচে গেছেন তাদের বাবা।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কালিরহাট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত দুই ভাই হলেন তজুমদ্দিন উপজেলার শম্ভুপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আলম বক্তারের ছেলে আবদুর রহিম (৪০) ও রাকিব (৩০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আলম বক্তার ও তার ছেলেরা দীর্ঘদিন ধরে গাছ কাটার কাজ করে জীবিকা নির্বাহ করতেন। ঘটনার দিন সকালে আলম বক্তার তার তিন ছেলেকে নিয়ে বোরহানউদ্দিনে তার শ্যালক মো. আইয়ুব আলীর বাড়িতে গাছ কাটতে যান।
এ সময় গাছ কাটার কাজের একপর্যায়ে বিদ্যুতের একটি ছেঁড়া তার দেখতে পান আলম বক্তার। তারটি সরাতে গেলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। বাবাকে বাঁচাতে গাছের নিচে থাকা ছেলে রাকিব এগিয়ে এলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে গাছে থাকা আরেক ছেলে রহিম তাদের উদ্ধার করতে নিচে নামলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন।
এতে বাবা ও দুই ছেলে গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাকিব ও রহিমকে মৃত ঘোষণা করেন। তাদের বাবা আলম বক্তার সামান্য আহত হয়ে প্রাণে বেঁচে যান।
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
