বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ঢাকায় পৌঁছেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। রোববার (১৮ অক্টোবর) রোস্টন চেজের নেতৃত্বাধীন ক্যারিবীয় দল বাংলাদেশে আসে।
সিরিজ শুরুর আগে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে সফরকারীরা। আগামী ২২ ও ২৩ অক্টোবর দুই দিনের প্রস্তুতি ম্যাচের পর মাঠে গড়াবে মূল লড়াই।
আগামী ২৮ অক্টোবর মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ৫ নভেম্বর, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।
বাংলাদেশের মাটিতে এটি ওয়েস্ট ইন্ডিজের ষষ্ঠ টেস্ট সিরিজ। সর্বশেষ ২০২০-২১ মৌসুমে বাংলাদেশ সফরে এসে দুই ম্যাচের সিরিজে স্বাগতিকদের ২-০ ব্যবধানে হারিয়েছিল ক্যারিবীয়রা। এবার ঘরের মাঠে সেই পরাজয়ের স্মৃতি পেছনে ফেলে ঘুরে দাঁড়ানোর সুযোগ পাচ্ছে বাংলাদেশ।
দুই দলের টেস্ট লড়াইয়ের ইতিহাসে এগিয়ে ওয়েস্ট ইন্ডিজ। এখন পর্যন্ত ১১টি টেস্ট সিরিজে মুখোমুখি হয়ে বাংলাদেশ জিতেছে দুটি—২০০৯ সালে এবং ২০১৮-১৯ মৌসুমে। ক্যারিবীয়রা জিতেছে আটটি সিরিজে। বাকি একটি সিরিজ ড্র হয়েছে।
এই সিরিজ বাংলাদেশের জন্য বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় অবস্থান ধরে রাখারও গুরুত্বপূর্ণ পরীক্ষা। বর্তমানে তালিকার চতুর্থ স্থানে রয়েছে বাংলাদেশ। ফাইনালের দৌড়ে টিকে থাকার আশা জিইয়ে রাখতে বাকি ম্যাচগুলোতে ভালো ফলের পাশাপাশি ধারাবাহিক পারফরম্যান্স প্রয়োজন হবে নাজমুল হোসেন শান্তদের।
