প্রতিনিধি, বিশ্বনাথ · ১৫ অক্টোবর, ২০২৬ ১০:২৫ অপরাহ্ন
সিলেটের বিশ্বনাথ-পীরের বাজার-জগন্নাথপুর হেডকোয়ার্টার সড়কের ১৩ দশমিক ২২ কিলোমিটার অংশ প্রশস্তকরণ ও শক্তিশালীকরণে ১৩ কোটি ৭২ লাখ ৪৮ হাজার ৩২৭ টাকার প্রাক্কলন অনুমোদন দিয়েছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)।
সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর উদ্যোগে দীর্ঘদিন ধরে সংস্কারের অপেক্ষায় থাকা সড়কটির উন্নয়নকাজের প্রক্রিয়া এগিয়েছে বলে জানা গেছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) এলজিইডির ‘সিলেট বিভাগের গুরুত্বপূর্ণ উপজেলা ও ইউনিয়ন সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ’ শীর্ষক প্রকল্পের প্রকল্প পরিচালকের স্বাক্ষরিত এক চিঠিতে সিলেটের নির্বাহী প্রকৌশলীর কাছে এ অনুমোদন পাঠানো হয়।
অনুমোদিত চিঠি থেকে জানা যায়, উন্মুক্ত দরপত্র বা ই-জিপি পদ্ধতিতে কাজের ঠিকাদার নিয়োগ করা হবে। চুক্তি সম্পাদনের সাত দিনের মধ্যে ঠিকাদারকে কাজ শুরু করতে হবে। পুরো কাজ শেষ করার জন্য সময় নির্ধারণ করা হয়েছে ৫৪০ দিন।
কাজের গুণগত মান নিশ্চিত করতে কয়েকটি শর্তও দিয়েছে এলজিইডি। শর্ত অনুযায়ী, কাজের প্রতিটি স্তরে পরীক্ষাগারে পরীক্ষা (ল্যাব টেস্ট) করা বাধ্যতামূলক। পরীক্ষার সন্তোষজনক প্রতিবেদন ছাড়া ঠিকাদারকে কোনো বিল দেওয়া হবে না। এ ছাড়া কাজের স্বচ্ছতা নিশ্চিত করতে কাজ শুরুর আগে, চলাকালে ও শেষে একই স্থানের রঙিন ছবি ও ভিডিও সংরক্ষণের নির্দেশনা দেওয়া হয়েছে।
উপজেলা প্রকৌশলী রফিকুল ইসলাম বলেন, বিশ্বনাথ-জগন্নাথপুর সড়কের প্রায় ১৪ কিলোমিটার অংশের দরপত্র প্রক্রিয়ার অনুমোদন হয়েছে। দরপত্র প্রক্রিয়া শেষ হলেই দ্রুত সড়কটির কাজ শুরু হবে।
সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর বলেন, দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কার করা হয়নি। বিএনপি সরকার ক্ষমতায় আসার পর থেকেই সড়কটি সংস্কারের উদ্যোগ নেওয়া হয়। অবশেষে সংস্কারকাজের জন্য দরপত্র আহ্বান করা হয়েছে। দরপত্র প্রক্রিয়া শেষ হলেই সড়কের কাজ শুরু হবে।
গুগলে আমাদের খবর পেতে
