নিত্যদিন যেভাবে ‘বিগ বস বাংলা’র অন্দরের সমীকরণ বদলাচ্ছে, তা দেখে নাকি গিরগিটিদেরও লজ্জা পাওয়ার জোগাড়! অন্তত এমনটাই মত শোয়ের একনিষ্ঠ দর্শকমহলের। টাস্কের নামে প্রতিযোগীদের হাইভোল্টেজ ড্রামা আর একে-অপরের প্রতি আচরণ দেখে রীতিমতো ভ্রুযুগল উঁচিয়েছেন একাংশ। গত এক সপ্তাহেই জোড়া এলিমেশনে পর পর বাদ পড়েছেন দুই প্রতিযোগী। প্রথমে স্বঘোষিত ‘ক্যুইন’ অনুষ্কা ঘোষ, তারপর ঝিলম গুপ্ত। দুই চর্চিত প্রতিযোগীদের বাদ পড়া নিয়ে যখন দর্শকমহলে ফিসফাস, তখন সেলেব পাড়ার অন্দরে নতুন খবর। এবার নাকি জোড়া ওয়াইল্ড কার্ড এন্ট্রি হতে চলেছে ‘বিগ বস বাংলা’র ঘরে।
সূত্রের খবর, সংশ্লিষ্ট রিয়ালিটি শোয়ের দূর্গে এবার পা রাখতে চলেছেন ‘বাহামণি’ রনিতা দাস। তবে শুধু টেলি অভিনেত্রীই নন। সারপ্রাইজ হিসেবে টলিপাড়ার আরেক অভিনেতাকে দেখতে পাবেন দর্শক। ফিসফাস, গোড়া থেকে গররাজি থাকলেও এবার নাকি ‘বিগ বস বাংলা’র দূর্গে যাচ্ছেন সৌরভ দাস। প্রথম দিকে অভিনেতার যোগ দেওয়ার কথা শোনা গেলেও প্রিমিয়ারে ‘মন্টু পাইলট’কে না দেখতে পেয়ে আশাহত হয়েছিলেন অনুরাগীদের একাংশ। গত সেপ্টেম্বর মাসেও শোয়ে ওয়াইল্ড কার্ড এন্ট্রি হিসেবে সৌরভের নাম শোনা গিয়েছিল। এবার নাকি খবর পাকা! রনিতা দাসের সঙ্গে ‘বিগ বস বাংলা’র ঘরে প্রবেশ করতে চলেছেন দর্শক,অনুরাগীদের প্রিয় ‘মন্টু পাইলট’ও। অতঃপর ঝিলম, অনুষ্কার বিদায়ের পর এবার যে ‘বিগ বস’-এ নতুন টুইস্ট আসতে চলেছে, তেমনটা আন্দাজ করাই যায়!

দিন কয়েক আগেই এক সাক্ষাৎকারে রনিতা জানিয়েছিলেন, “আমি বিগ বসের ঘরে গেলে সেখানকার দরজা ধরে এমন কান্নাকাটি জুড়ে দেব যে ঘরের লোক নিজেরাই অতিষ্ঠ হয়ে আমাকে বের করে দিতে বাধ্য হবে!” গুঞ্জনের সূত্রপাত সেখান থেকেই। এবার বিগ বসের ঘরে পা রেখে সত্যিই ‘বাহা’ এমন কিছু করেন কিনা, নজর থাকবে সেদিকে। অন্যদিকে সৌরভ দাস বরাবরই স্পষ্টভাষী, ‘রাফ অ্যান্ড টাফ’। অতঃপর শোয়ে তাঁর উপস্থিতি যে আখেড়ে টিআরপির জন্য মঙ্গল, তা বলাই বাহুল্য।
