টাঙ্গাইলের কালিহাতী উপজেলার মরিচা পাইকপাড়ায় জবেদ আলী ও বিথি আক্তার নাছিমার বিরুদ্ধে অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ তুলে মানববন্ধন করেছেন এলাকাবাসী।
বৃহস্পতিবার সকালে মরিচা বাজারে আয়োজিত এ মানববন্ধনে শত শত নারী-পুরুষ অংশ নেন। এতে বক্তব্য দেন নাগবাড়ি ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আব্দুস সামাদ, ইউপি সদস্য মোশারফ হোসেন, নাগবাড়ি ইউনিয়ন যুবদলের সভাপতি আব্দুল বাছেদ, উপজেলা কৃষকদল নেতা আবুল কাশেমসহ অন্যরা।
মানববন্ধনে বক্তারা বলেন, সম্প্রতি অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে স্থানীয়রা জবেদ আলী ও বিথি আক্তার নাছিমাকে আটক করেন। পরে স্থানীয় মাতব্বরদের উদ্যোগে সালিশি বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে মুচলেকা দিয়ে মুক্তি পান জবেদ আলী ও বিথি।
বক্তারা অভিযোগ করেন, এ ঘটনার পর জবেদ আলী ও বিথি টাঙ্গাইলের আদালতে স্থানীয় মাতব্বরসহ এলাকাবাসীর বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছেন। এর মাধ্যমে এলাকাবাসীকে হয়রানি করা হচ্ছে বলে মানববন্ধনে অংশগ্রহণকারীরা দাবি করেন।
এ সময় তারা অসামাজিক কর্মকাণ্ড বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। পাশাপাশি অভিযোগের নিরপেক্ষ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
এমএ
