Tea Workers Protest
বোনাস সহ বকেয়া মজুরির দাবিতে এরিয়ান চা বাগানের শ্রমিকদের বিক্ষোভ
-
- 23 Oct 2026
- by গণশক্তির প্রতিবেদন
×
রাজ্য সরকার ২০ শতাংশ পুজোর বোনাস ঘোষণা করলেও উত্তর দিনাজপুরের দাসপাড়ার এরিয়ান চা বাগানের শ্রমিকরা এখনও বোনাস পাননি বলে অভিযোগ। বোনাস ও বকেয়া বিল মেটানোর দাবিতে শুক্রবার কাজ বন্ধ রেখে বাগানের অফিস চত্বরে বিক্ষোভ দেখালেন শ্রমিকরা। পুজোর মরশুম পেরিয়ে গেলেও প্রাপ্য টাকা না মেলায় শ্রমিকদের মধ্যে ক্ষোভ বাড়ছে।
শ্রমিকদের অভিযোগ, জেলার অন্যান্য চা বাগানের শ্রমিকরা পুজোর বোনাস পেলেও এরিয়ান চা বাগানের শ্রমিকদের ক্ষেত্রে টালবাহানা চলছে। উৎসবের সময়ে প্রাপ্য বোনাস না পাওয়ায় আর্থিক সমস্যায় পড়তে হয়েছে তাঁদের। শুধু বোনাস নয়, বাগান কর্তৃপক্ষের কাছে তাঁদের বকেয়া বিলও পড়ে রয়েছে বলে অভিযোগ। কেন শ্রমিকদের প্রাপ্য টাকা মেটানো হচ্ছে না, সেই প্রশ্ন তুলে এদিন বিক্ষোভে সামিল হন তাঁরা। অবিলম্বে বোনাস ও বকেয়া বিল মেটানোর দাবি জানান শ্রমিকরা।
বিক্ষোভের জেরে পরিস্থিতি সামাল দিতে এগিয়ে আসেন বাগানের কর্মরত ম্যানেজার জয়ন্ত ঘোষ। তিনি জানান, বিষয়টি মালিকের নজরে আনা হয়েছে। মালিকের তরফে তাঁকে আশ্বাস দেওয়া হয়েছে বলেও জানান তিনি। ম্যানেজারের আশ্বাসের পর শ্রমিকরা কাজে ফিরে যান। তবে কবে বোনাস দেওয়া হবে, সে বিষয়ে নির্দিষ্ট কোনও দিনক্ষণ জানানো হয়নি।
সিআইটিইউ অনুমোদিত পশ্চিম দিনাজপুর চা বাগিচা শ্রমিক ইউনিয়নের জেলা সম্পাদক কার্তিক শীল বলেন, উত্তর দিনাজপুর জেলার বেশ কয়েকটি চা বাগানে এখনও শ্রমিকদের বোনাস মেটানো হয়নি। পুজোর আগেই বোনাস দেওয়ার দাবিতে বারবার ত্রিপাক্ষিক বৈঠকে মালিকপক্ষের কাছে বিষয়টি তুলে ধরা হয়েছে। কিন্তু তারপরেও বোনাস মেটানো হয়নি। মালিকপক্ষের খামখেয়ালিপনার কারণেই শ্রমিকদের মধ্যে বিক্ষোভের পরিস্থিতি তৈরি হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
শ্রমিকদের প্রাপ্য বোনাস মেটানোর ক্ষেত্রে এই দীর্ঘসূত্রিতা নিয়ে প্রশ্ন উঠেছে। একদিকে ২০ শতাংশ বোনাস ঘোষণার কথা বলা হচ্ছে, অন্যদিকে একাধিক বাগানের শ্রমিকরা সেই টাকা থেকে বঞ্চিত রয়েছেন বলে অভিযোগ। শ্রমিকদের দাবি, আশ্বাস নয়, অবিলম্বে বোনাস ও বকেয়া বিল মেটাতে হবে।
