কক্সবাজারের উখিয়ার ইনানীতে একটি রেস্তোরাঁ ও রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচজনের মৃত্যু হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে মেরিন ড্রাইভ সড়কসংলগ্ন পাটুয়ারটেক এলাকায় টুপটুপ রেস্তোরাঁ অ্যান্ড রিসোর্টে এ আগুন লাগে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকাল ৭টা ২৫ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পেয়ে উখিয়া ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়। সকাল ৮টার দিকে ইউনিট দুটি সেখানে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন অগ্নিকাণ্ডে পাঁচজনের মরদেহ উদ্ধারের তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে, আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। অগ্নিকাণ্ডে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে সম্পর্কেও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানিয়েছেন, অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে কাজ চলছে।
