রংপুরের পীরগঞ্জে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা-২০২৬ আয়োজন না করায় আলোচনা-সমালোচনার মুখে পড়েছে খালাশপীর সরকারি ডিগ্রি কলেজ। উপজেলায় দুটি সরকারি কলেজ থাকা সত্ত্বেও একটিতে প্রতিযোগিতার আয়োজন করা হলেও অন্যটিতে না হওয়ায় প্রশ্ন তুলেছেন স্থানীয় সচেতন মহল।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুর ২টায় পীরগঞ্জ সরকারি শাহ্ আব্দুর রউফ কলেজ মাঠে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত হয়। তবে একই উপজেলার খালাশপীর সরকারি ডিগ্রি কলেজে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়নি।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে গত ৩ সেপ্টেম্বর জারি করা স্মারক নম্বর ৩৭.০০.০০০০.০৭১.৯৯.০১৫.২৬-৩১৭-এর নির্দেশনার ধারাবাহিকতায় দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে এ ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে।
পীরগঞ্জ উপজেলায় দুটি সরকারি কলেজ রয়েছে। এর একটি পীরগঞ্জ সরকারি শাহ্ আব্দুর রউফ কলেজ এবং অন্যটি খালাশপীর সরকারি ডিগ্রি কলেজ। প্রথম প্রতিষ্ঠানে প্রতিযোগিতা অনুষ্ঠিত হলেও দ্বিতীয়টিতে আয়োজন না হওয়ায় বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।
খালাশপীর এলাকার কয়েকজন বাসিন্দা প্রশ্ন তুলেছেন, উপজেলায় দুটি সরকারি কলেজ থাকা সত্ত্বেও এ ধরনের ক্রীড়া আয়োজনে উভয় প্রতিষ্ঠানকে সম্পৃক্ত করা হলো না কেন। খালাশপীর সরকারি ডিগ্রি কলেজ মাঠেও প্রতিযোগিতাটি আয়োজনের সুযোগ ছিল কি না, তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন তাঁরা।
এ বিষয়ে খালাশপীর সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মুমিনুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ঢাকায় অবস্থান করছেন জানিয়ে উপাধ্যক্ষের সঙ্গে কথা বলার পরামর্শ দেন।
পরে কলেজের উপাধ্যক্ষ ফজলুল হকের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, কলেজের পক্ষ থেকে একজন শারীরিক শিক্ষাবিষয়ক শিক্ষককে প্রতিযোগিতা আয়োজনের দায়িত্ব দেওয়া হয়েছিল। তবে শিক্ষার্থীদের পরীক্ষার ফরম পূরণের কাজ সময়মতো সম্পন্ন করতে না পারায় প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতা-২০২৬ আয়োজন করা সম্ভব হয়নি।
তিনি আরও বলেন, “এরপর থেকে আর কোনো প্রোগ্রাম মিস হবে না। প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতা-২০২৬-এর অনুষ্ঠানটি আয়োজন করতে না পারায় আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।”
অন্যদিকে, পীরগঞ্জ সরকারি শাহ্ আব্দুর রউফ কলেজে অনুষ্ঠিত প্রতিযোগিতার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম।
খালাশপীর সরকারি ডিগ্রি কলেজে প্রতিযোগিতা আয়োজন না করার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় পীরগঞ্জ সরকারি শাহ্ আব্দুর রউফ কলেজে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত হলে, খালাশপীর সরকারি ডিগ্রি কলেজে কেন এ প্রতিযোগিতার আয়োজন করা হলো না, তা টুর্নামেন্টে উপস্থিত গণমাধ্যমকর্মীদের খতিয়ে দেখা প্রয়োজন বলে আমি মনে করি।”
স্থানীয় সচেতন মহলের মতে, সরকারি উদ্যোগে আয়োজিত এ ধরনের ক্রীড়া প্রতিযোগিতা শিক্ষার্থীদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানো এবং প্রতিভা বিকাশের গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করে। তাই ভবিষ্যতে এ ধরনের আয়োজনে উপজেলার উভয় সরকারি কলেজকে সম্পৃক্ত করার বিষয়টি বিবেচনায় নেওয়া প্রয়োজন।
এ ঘটনায় প্রতিযোগিতা আয়োজন না করার কারণ ও দায়িত্ব পালনে ঘাটতি ছিল কি না, তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের খতিয়ে দেখা উচিত বলে মনে করছেন স্থানীয়রা।
The post পীরগঞ্জে গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতা না হওয়ায় সমালোচনায় খালাশপীর কলেজ appeared first on ভোরের চেতনা.
