সাভারে অস্ত্র ও খেলনা পিস্তলসহ ডাকাত দলের ৪ সদস্য গ্রেফতার
সাভার (ঢাকা) প্রতিনিধি:
ঢাকা জেলা পুলিশের বিশেষ অভিযানে তিনটি ধারালো ছোরা এবং একটি খেলনা পিস্তলসহ ডাকাত ও ছিনতাইকারী দলের চার সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। আজ সোমবার (১২ অক্টোবর) ভোররাত ১টার দিকে সাভার মডেল থানাধীন পাঁচগাছিয়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- সাভারের তেঁতুলজোড়া মটুকপাড়া এলাকার মৃত জয়নাল আবেদীন ও মোসা. বেগমের ছেলে মো. জামাল হোসেন (৪০); একই এলাকার মো. কবির হোসেন ও ফুলবানু বেগমের ছেলে আব্দুল রউফ রবিন (২৭); যশোরের মণিরামপুর থানার সোরহাব মোড় এলাকার আব্দুল সাত্তারের ছেলে মো. নাজমুল (৩৬) (বর্তমানে সাভারের তেঁতুলজোড়া মটুকপাড়া এলাকার জামালের বাড়ির ভাড়াটিয়া); এবং সাভারের আমিনবাজার পাঁচগাছিয়া এলাকার আব্দুল কাদের বশির ও মরিয়ম বেগম পরীবানুর ছেলে মো. জুবায়ের হোসেন (২৫)।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় এবং ডিবি (উত্তর) এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলামের নেতৃত্বে এসআই মো. মতিউর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে আজ সোমবার ভোররাতে সাভার থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। গোপন সংবাদের ভিত্তিতে সাভারের পাঁচগাছিয়া এলাকায় অভিযান চালিয়ে ওই চারজনকে গ্রেফতার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে ১৬ ইঞ্চি লম্বা একটি ধারালো ছোরা, ১৪.৫ ইঞ্চি লম্বা একটি ধারালো ছোরা, ১১.৫ ইঞ্চি লম্বা একটি ধারালো ছোরা এবং ৯.৫ ইঞ্চি লম্বা একটি খেলনা পিস্তল উদ্ধার ও জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, তারা দেশের বিভিন্ন এলাকায় ডাকাতি ও ছিনতাইয়ের সাথে সম্পৃক্ত রয়েছে। পুলিশ জানায়, ১ নম্বর আসামি মো. জামাল হোসেনের বিরুদ্ধে পূর্বে দুটি মাদক মামলা রয়েছে।
তাদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির অভিযোগে সংশ্লিষ্ট থানায় মামলা রুজু করে আজ সোমবার বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
