উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা বাড়তে থাকায় যুক্তরাষ্ট্র ও ইরানকে সংযম দেখানো এবং শান্তিচুক্তির প্রতিশ্রুতি মেনে চলার আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি। মঙ্গলবার ইসলামাবাদে সফররত রাশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী ভ্লাদিমির কোলোকোলৎসেভের সঙ্গে বৈঠকে তিনি এ আহ্বান জানান।
জারদারি বলেন, মতপার্থক্য সংলাপ ও কূটনীতির মাধ্যমে সমাধান করা উচিত। একই সঙ্গে হরমুজ প্রণালি ও লোহিত সাগরে জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন তিনি।
পাকিস্তানের প্রেসিডেন্টের দপ্তরের বিবৃতিতে বলা হয়, উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা বৃদ্ধি এবং সামুদ্রিক বাণিজ্য, জ্বালানি স্থাপনা ও গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলার ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছেন জারদারি। তার মতে, এই সংঘাত আঞ্চলিক স্থিতিশীলতা, বৈশ্বিক জ্বালানি নিরাপত্তা, বাণিজ্য ও সরবরাহব্যবস্থার জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করছে। তিনি সব দেশের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি সম্মান দেখানোরও আহ্বান জানান।
গত জুনে মধ্যপ্রাচ্যের সংঘাত নিরসনে ইসলামাবাদ সমঝোতা স্মারক নামে একটি কাঠামোগত চুক্তি হয়েছিল। জারদারি যুক্তরাষ্ট্র ও ইরানকে ওই সমঝোতার আওতায় দেওয়া প্রতিশ্রুতি পূরণের আহ্বান জানান।
চার দিনের সরকারি সফরে পাকিস্তানে রয়েছেন রাশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী কোলোকোলৎসেভ। দক্ষিণ এশিয়ার দেশটিতে কোনো রুশ স্বরাষ্ট্রমন্ত্রীর এটিই প্রথম সফর।
বৈঠকে দুই দেশের বাণিজ্য নিয়েও আলোচনা হয়। কোলোকোলৎসেভ জানান, ২০২৫ অর্থবছরে পাকিস্তান ও রাশিয়ার দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ ছিল ২৪ কোটি ৩৪ লাখ ডলার। তবে দুই দেশের বাণিজ্যিক সম্পর্কের সম্ভাবনার তুলনায় এ পরিমাণ কম। দুই দেশের নেতাদের সদিচ্ছাকে বাস্তব ফলাফলে রূপ দেওয়ার আহ্বান জানান রুশ মন্ত্রী। তিনি জারদারিকে রাশিয়া সফরের আমন্ত্রণও জানান।
ইসলামাবাদে রুশ দূতাবাসের বিবৃতি অনুযায়ী, দুই দেশের বন্ধুত্বপূর্ণ ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট সম্পর্কের ভিত্তিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা আরও জোরদার করার কথা বলেন কোলোকোলৎসেভ।
সূত্র: আনাদোলু এজেন্সি
