ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বিয়ের অনুষ্ঠানে ডেকোরেশনের লাইট লাগানোর কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে ফয়সাল (২৪) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার হাজীপুর ইউনিয়নের বাদ নোয়ালী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফয়সাল পীরগঞ্জ উপজেলার সেনগাঁও ইউনিয়নের নোহালী গ্রামের আবু কালামের ছেলে। তিনি স্থানীয় ডেকোরেশন ব্যবসায়ী শাহ আলমের প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, হাজীপুর ইউনিয়ন পরিষদের কম্পিউটার অপারেটর মামুনের বিয়ের অনুষ্ঠানে ডেকোরেশনের কাজ পেয়েছিলেন ব্যবসায়ী শাহ আলম। শুক্রবার সকালে ওই বাড়িতে লাইট লাগানোর কাজ করছিলেন ফয়সাল। এ সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পর্শে গুরুতর আহত হন তিনি।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর জরুরি বিভাগের চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। পরে অ্যাম্বুলেন্সে করে দিনাজপুরে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে হাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন বলেন, বিয়ের অনুষ্ঠানে ডেকোরেশনের কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পর্শে ওই যুবকের মৃত্যু হয়েছে।
পীরগঞ্জ থানার ওসি ইকবাল হোসেন প্রামাণিক জানান, তদন্তের মাধ্যমে বিদ্যুৎস্পর্শে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়ার পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা (ইউডি) করা হয়েছে।
