দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: অক্টোবর ১৯, ২০২৬, ০৭:৩৭ পিএম
শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পূজামণ্ডপ পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আবুল কালাম।
তিনি শহরের উকিলপাড়া, গলাচিপা, আমলাপাড়া এবং নিতাইগঞ্জ এলাকার প্রধান প্রধান পূজামণ্ডপগুলো পরিদর্শন করেন।
সোমবার ১৯ অক্টোবর বিকাল থেকে রাত পর্যন্ত ১০টি পূজা মন্ডপ পরিদর্শনকালে মণ্ডপের নিরাপত্তাব্যবস্থা ও সার্বিক প্রস্তুতির খোঁজখবর নেন এবং ভক্ত ও দর্শনার্থীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
মণ্ডপ পরিদর্শনকালে সংসদ সদস্য আবুল কালামের সাথে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি আহবায়ক কমিটির সদস্য আওলাদ হোসেন ও স্থানীয় বিএনপি নেতা সাবেক কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ।
এছাড়াও উকিলপাড়া, গলাচিপা, আমলাপাড়া ও নিতাইগঞ্জ পূজা উদযাপন কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে সাংবাদিকদের ও স্থানীয়দের উদ্দেশ্যে এমপি আবুল কালাম বলেন, নারায়ণগঞ্জ সম্প্রীতির শহর। আবহমানকাল ধরে এখানে সকল ধর্মের মানুষ পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রেখে নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করে আসছে। দুর্গাপূজা অত্যন্ত আনন্দমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
তিনি আরও বলেন, উৎসবের দিনগুলোতে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে আমাদের নেতাকর্মীরা স্থানীয় প্রশাসন ও পূজা উদযাপন কমিটির পাশাপাশি সতর্ক পাহাড়ায় থাকবে। আমরা চাই সনাতন ধর্মাবলম্বী ভাই-বোনেরা কোনো প্রকার ভয়ভীতি ছাড়াই আনন্দের সাথে তাদের প্রধান ধর্মীয় উৎসব উদযাপন করুন।
পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ সংসদ সদস্যের এই পরিদর্শন এবং সার্বিক সহযোগিতার আশ্বাস দেওয়ায় গভীর সন্তোষ প্রকাশ করেন এবং তাকে আন্তরিক ধন্যবাদ জানান।
