Published on
:
1 min read
এই সময়: ‘ভোটচুরি’ ও সার প্রক্রিয়ায় অনিয়ম–এর প্রতিবাদে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবিতে ব্যাপক অংশগ্রহণ দেখা গিয়েছে যুব কংগ্রেস নেতৃত্বের। তাদেরই প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসেছিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। আর সেই কথোপকথনের মাঝে বিগত বছরে কংগ্রেস ছেড়ে যাওয়া একাধিক হেভিওয়েট নেতৃত্বকে ‘কাপুরুষ ও লোভী’ বলে তোপ দাগলেন রাহুল! পাল্টা একপ্রকার মজার ছলেই কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে বললেন— ‘তোমারই তো বন্ধু ছিল!’
কংগ্রেসের ছাত্র–যুব শাখা সংগঠনের সদস্যদের দলীয় সদরদপ্তরে বৃহস্পতিবার চা–বৈঠকে আমন্ত্রণ করেছিলেন রাহুল। সেই ‘ইনফরমাল’ বৈঠকের এক ঝলক প্রকাশ্যে আসার পর থেকেই শুরু হয়েছে চর্চা। বতর্মান কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী গুলাম নবি আজ়াদের প্রসঙ্গ টেনে রাহুলকে বলতে শোনা যাচ্ছে, ‘কাপুরুষ ও লোভীরা দল ছেড়ে চলে যাওয়ায় এই মুহূর্তে কংগ্রেসে শুধুমাত্র সিংহরা রয়েছেন। যার প্রেক্ষিতে খাড়গে হালকা মজা করে বলে ওঠেন — ‘যাঁরা দল থেকে চলে গিয়েছেন তাঁরা প্রত্যেকেই তোমার বন্ধু ছিল’। প্রাথমিক ভাবে খানিকটা অপ্রস্তুত হলেও বিষয়টিকে হালকা করতে রাহুল বলেন, ‘এখানে আমার বোন (প্রিয়াঙ্কা গান্ধী) রয়েছে। ও খুব ভালো করে জানে যে সিন্ধিয়া আমার বন্ধু ছিল না!’
এর পরেই রাজনৈতিক সম্পর্কের সমীকরণ বোঝাতে ঠাকুমা প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর মতাদর্শের প্রসঙ্গ টানেন রাগা। বলেন, ‘আমরা একবার তাঁকে জিজ্ঞাসা করেছিলেন, তোমার বেস্ট ফ্রেন্ড কে? উত্তরে বলেছিলেন — ওঁর কোনও বেস্ট ফ্রেন্ড নেই। আমিও একজন রাজনীতিক। যাঁদের দেখে আমার বন্ধু বা শত্রু মনে হয়, তেমনটা আদতে না–ও হতে পারে।’
