রূপগঞ্জে দিনে-দুপুরে ফ্রান্সপ্রবাসীর ২৬ লাখ ৮০ হাজার টাকা ছিনতাই

প্রভাত সংবাদদাতা, রূপগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাসুম মোল্লা নামে এক ফ্রান্সপ্রবাসীর কাছ থেকে ২৬ লাখ ৮০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। রবিবার (১৮ অক্টোবর) দুপুরে উপজেলার আধুরিয়া এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ ঘটনা ঘটে। ছিনতাইকারীরা একটি সাদা প্রাইভেটকারে এসে টাকাভর্তি ব্যাগটি ছিনিয়ে নেয়। এ সময় মাসুম মোল্লাকে মোটরসাইকেলসহ সড়কে ফেলে দেওয়া হলে তিনি শরীরের বিভিন্ন স্থানে আঘাত পান।
মাসুম মোল্লা উপজেলার করাটিয়া এলাকার রিয়াজ উদ্দিনের ছেলে। তার শ্বশুর বরকত উল্লাহ জানান, তার বাড়ি হোড়গাঁও এলাকায়।
জমি রেজিস্ট্রি করার জন্য রবিবার বেলা সাড়ে ১১টার দিকে তিনি ভুলতায় ঢাকা ব্যাংকের শাখা থেকে ১১ লাখ টাকা এবং ইসলামী ব্যাংকের শাখা থেকে ১৫ লাখ ৮০ হাজার টাকা উত্তোলন করেন। পরে টাকাগুলো তার মেয়ের জামাতা মাসুম মোল্লার কাছে বুঝিয়ে দেন।
শ্বশুরের কাছ থেকে টাকা বুঝে নিয়ে মাসুম মোল্লা একটি ব্যাগে ২৬ লাখ ৮০ হাজার টাকা নিয়ে নিজের মোটরসাইকেলে করে করাটিয়ার বাড়ির উদ্দেশে রওনা হন। দুপুর ১২টা ৫ মিনিটের দিকে ঢাকা-সিলেট মহাসড়কের আধুরিয়া এলাকায় পৌঁছালে একটি সাদা প্রাইভেটকারে আসা তিন থেকে চারজনের একটি দল তার পথরোধ করে। এ সময় ছিনতাইকারীরা টাকাভর্তি ব্যাগটি ছিনিয়ে নিয়ে তাকে মোটরসাইকেলসহ সড়কে ফেলে রেখে পালিয়ে যায়। এ ঘটনায় মাসুম মোল্লা শরীরের বিভিন্ন স্থানে আঘাত পান বলে জানান তার শ্বশুর বরকত উল্লাহ। তিনি আরও জানান, জমি রেজিস্ট্রি করার জন্যই ব্যাংক থেকে ওই টাকা উত্তোলন করেছিলেন। এ ঘটনায় তিনি রূপগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। পুলিশ ছিনতাইকারীদের গ্রেপ্তার ও ছিনতাই হওয়া টাকা উদ্ধারের চেষ্টা চালানোর আশ্বাস দিয়েছে।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দিন জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
More News Of This Category

