সভায় উপস্থিত ছিলেন বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হক, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোহাম্মদ মানিক, উপজেলা বিএনপির সভাপতি মাস্টার লোকমান, পৌরসভার সাবেক মেয়র কামরুল ইসলাম হোসাইনি, কালীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আমিনুর রহমান চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য ও বাহারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী দেলোয়ার আজিম, জামায়াতে ইসলামীর দক্ষিণ জেলা সহকারী সেক্রেটারি অধ্যক্ষ বদরুল হক এবং পৌরসভা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা আবু তাহের।
এ ছাড়া উপজেলা পূজা উদ্যাপন কমিটির সভাপতি লায়ন শেখর দত্ত, সিনিয়র সহসভাপতি অধ্যাপক প্রদীপ চক্রবর্তী, সাধারণ সম্পাদক প্রকৌশলী সঞ্চয় চক্রবর্তী মানিকসহ কমিটির নেতৃবৃন্দ এবং বিভিন্ন ইউনিয়নের দায়িত্বশীল ব্যক্তিরা সভায় অংশ নেন।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন বলেন, আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপনের জন্য প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হবে। পূজামণ্ডপের নিরাপত্তা, সার্বিক শৃঙ্খলা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কোনো গুজব বা বিভ্রান্তিকর তথ্য যাচাই না করে প্রচার করা থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম বলেন, “সংখ্যালঘু বলতে কিছু নেই, আমরা সবাই এক।” তিনি সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশে বলেন, পূজায় অংশ নিতে বাড়ি থেকে বের হওয়ার সময় ঘরবাড়ি একেবারে খালি না রেখে নিরাপত্তার স্বার্থে কাউকে দায়িত্ব দিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে।
তিনি আরও বলেন, দুর্গোৎসব সুষ্ঠুভাবে উদ্যাপনে সবাইকে পারস্পরিক সহযোগিতা ও সম্প্রীতি বজায় রাখতে হবে। পূজামণ্ডপে আগত দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে হবে। কোনো পক্ষ যেন গুজব ছড়িয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হক বলেন, দুর্গাপূজাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সতর্ক অবস্থানে থাকবে। পূজামণ্ডপ ও আশপাশের এলাকায় নিরাপত্তা নিশ্চিত করা, যানজট নিয়ন্ত্রণ এবং অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। কোনো গুজব বা সন্দেহজনক তথ্য ছড়িয়ে পড়লে আতঙ্কিত না হয়ে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।
সভায় আসন্ন শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে উপজেলা প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পূজা উদ্যাপন কমিটি ও স্থানীয় জনগণের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি উৎসব চলাকালে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত নেতৃবৃন্দ।
The post বাঁশখালীতে দুর্গাপূজা ঘিরে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত appeared first on ভোরের চেতনা.
