গোপালগঞ্জে দায়িত্ব পালনকালে নাজিম নামে এক গ্রামপুলিশকে চড়-থাপ্পড় মারার অভিযোগ ওঠেছে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রানা মোল্লার বিরুদ্ধে।
মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। এর আগে গত ১৫ অক্টোবর সদর উপজেলার সুকতাইল ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।
নাজিম সদর উপজেলার সুকতাইল ইউনিয়ন ৪ নম্বর ওয়ার্ডের গ্রামপুলিশ সদস্য হিসেবে কর্মরত।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার দুপুরে নাজিম সুকতাইল ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে তার দায়িত্ব পালন করছিলেন। এ সময় চেয়ারম্যান রানা মোল্লা উপস্থিত হয়ে তার কাছে অপর গ্রামপুলিশ সদস্য দেলোয়ার চৌকিদারের অবস্থান জানতে চান।
জবাবে নাজিম জানান, দেলোয়ার পাশের স্কুলে হাজিরা (টিপ) দিতে গেছেন। এ কথা বলামাত্রই চেয়ারম্যান ক্ষিপ্ত হয়ে উপস্থিত সবার সামনে নাজিমকে সজোরে থাপ্পড় মারেন।
নাজিম বলেন, ‘আমি সরকারের দেওয়া পোশাক পরে দায়িত্ব পালন করছিলাম। চেয়ারম্যান হঠাৎ ডেকে দেলোয়ার কোথায় জানতে চাইলে আমি সত্যটা জানাই। কিন্তু এ কথা বলার সঙ্গে সঙ্গেই তিনি সবার সামনে আমাকে চড় মারেন। আমাকে এভাবে মারার তার কোনো অধিকার নেই। সাংবাদিকদের মাধ্যমে বিষয়টি প্রশাসনকে জানাতে চাই। আমি এই অন্যায় আচরণের সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।’
তবে সুকতাইল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রানা মোল্লা ঘটনাটি অস্বীকার করেন। তিনি বলেন, সাংবাদিকদের কাছে গ্রাম পুলিশ সত্য বলেননি।
গোপালগঞ্জের জেলা প্রশাসক আরিফ উজ্জামান বলেন, বিষয়টি খোঁজ নিয়ে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
