রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটনকেন্দ্র থেকে খাগড়াছড়ি ফেরার পথে সিজকছড়া এলাকায় পর্যটকবাহী একটি চাঁদের গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছে। এতে সাত পর্যটক আহত হয়েছেন। তাঁদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
রোববার (১৮ অক্টোবর) বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, আহত পর্যটকেরা মানিকগঞ্জের সিংগাইর এলাকা থেকে গত ১৭ অক্টোবর সাজেক ভ্রমণে আসেন। সকাল সাড়ে ১০টার দিকে তাঁরা চাঁদের গাড়িতে করে খাগড়াছড়ির উদ্দেশে রওনা হন। পথে সিজকছড়া এলাকায় পৌঁছালে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পড়ে।
দুর্ঘটনার খবর পেয়ে বাঘাইহাট জোনের (১৪ ইবি) অধীন সাজেক টিওবি থেকে ট্যুরিস্ট এসকর্ট টিম ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে। পরে অন্য একটি চাঁদের গাড়িতে করে তাঁদের উন্নত চিকিৎসার জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়।
দুর্ঘটনায় গুরুতর আহত দুজন হলেন মো. আজাহার মিয়া (৬০) ও শাহানারা আক্তার (৪৫)। অন্য আহতরা হলেন আরিফুর রহমান (৩৫), সোহরাব, নাসরিন (৩৫), মো. শাহজাহান (৪৫) ও আশা (১৩)। আহত সাতজনের সবার বাড়ি মানিকগঞ্জের সিংগাইর এলাকায় বলে জানা গেছে।
এদিকে, দুর্ঘটনার পর গাড়িচালক সুখ কান্তি চাকমা ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
