প্রকাশ: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ২:৩৯ পিএম
পিরোজপুরের নেছারাবাদে অনুমোদনহীন ও অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম উৎপাদন ও বিক্রির দায়ে ‘রুচি আইসক্রিম’ কারখানার মালিক আবুল হোসেনকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র ও অনুমোদন সংগ্রহ না করা পর্যন্ত কারখানাটি বন্ধ রাখার মুচলেকা নেওয়া হয়েছে। অভিযানে কারখানায় তৈরি আইসক্রিম জব্দ করে ধ্বংস করা হয়।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে উপজেলার সোহাগদল ইউনিয়নের এনডব্লিউ বাজারসংলগ্ন কারখানাটিতে এ অভিযান পরিচালনা করা হয়। জরিমানাপ্রাপ্ত আবুল হোসেন (৬৫) ওই এলাকার আছমত আলীর ছেলে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ অনুযায়ী মোড়কজাত পণ্যের নিবন্ধন সনদ না নেওয়া এবং অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম উৎপাদন ও বিক্রির দায়ে তাকে জরিমানা করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নেছারাবাদ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রায়হান মাহামুদ। এ সময় প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) বরিশালের পরিদর্শক তাহসিন আলম।
অভিযান চলাকালে কারখানার অনুমোদন ও পণ্যের মোড়ক সম্পর্কে জানতে চাইলে মালিক আবুল হোসেন সরকারি অনুমোদন ও বৈধ মোড়ক না থাকার কথা স্বীকার করেন বলে জানা গেছে।
নেছারাবাদ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রায়হান মাহামুদ বলেন, জনস্বাস্থ্য সুরক্ষা ও ভোক্তাদের স্বার্থে অনুমোদনহীন এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন ও বাজারজাতের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। প্রয়োজনীয় কাগজপত্র ও অনুমোদন ছাড়া কারখানা পরিচালনার সুযোগ নেই। আইন অমান্যকারীদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
