দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: অক্টোবর ২১, ২০২৬, ১০:০৭ পিএম
বিজয়া দশমী। দেবীপক্ষের সমাপ্তি আর মাতৃবিদায়ের বেদনায় ভারাক্রান্ত সনাতন হৃদয়। পূজা, পুষ্পাঞ্জলি, সিঁদুর খেলা ও দর্পণ বিসর্জনের মধ্য দিয়ে বুধবার (২১ অক্টোবর) শেষ হয়েছে বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব।
বুধবার বিকালে নারায়ণগঞ্জ সদরের বিভিন্ন পূজামণ্ডপ ও ৫ নম্বর ঘাট বিসর্জনস্থল সরেজমিনে পরিদর্শন করেন ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার মোঃ মনিরুজ্জামান মিঞা।
পরিদর্শনের অংশ হিসেবে তিনি প্রথমে শহরের নিতাইগঞ্জ লক্ষী মন্দির, বলদেব মন্দির, চাষাড়া গোপাল জিউর বিগ্রহ মন্দির, সিদ্ধিগোপাল আখড়া মন্দিরসহ বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন এবং সেখানে সনাতন ধর্মাবলম্বী সুধীজন ও পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে আন্তরিক মতবিনিময় করেন।
উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাইমা ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আলীনুর খান, অতিরিক্ত পুলিশ সুপার ইব্রাহিম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিন, নারায়ণগঞ্জের বিভিন্ন পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ সহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
মতবিনিময় কালে ঢাকা বিভাগীয় কমিশনার মোঃ মনিরুজ্জামান মিঞা বলেন, বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনার দেশ। আবহমান কাল ধরে এদেশে সকল ধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে উৎসব পালন করে আসছে। শারদীয় দুর্গাপূজা তারই একটি উজ্জ্বল উদাহরণ। আর নারায়ণগঞ্জ ধর্মীয় সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত। বর্তমান সরকার সকল ধর্মের মানুষের নিরাপত্তা ও ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করতে বদ্ধপরিকর।
তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় এবার সারাদেশে পূজা নির্বিঘ্ন করতে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ঢাকা বিভাগের প্রতিটি মণ্ডপে প্রশাসন, পুলিশ, আনসার ও গ্রাম পুলিশের সমন্বয়ে তিন স্তরের নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। যাতে সনাতন ধর্মাবলম্বী ভাই-বোনেরা নির্ভয়ে ও আনন্দঘন পরিবেশে তাদের সবচেয়ে বড় উৎসব উদযাপন করতে পারেন।
পূজামণ্ডপ পরিদর্শন শেষে বিকালে ৫ নম্বর ঘাট বিসর্জনস্থল পরিদর্শন করেন বিভাগীয় কমিশনার। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক এডভোকেট শাখাওয়াত হোসেন খান, জেলা পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান,নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু সহ জেলার সকল আইন-শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ও পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।
ঢাকা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান বলেন,শারদীয় দুর্গাপূজাকে ঘিরে ঢাকা রেঞ্জের কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। নারায়ণগঞ্জে পুলিশের পক্ষ থেকে প্রতিটি মণ্ডপ ও বিসর্জন ঘাটে কঠোর নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। বিসর্জনের সময় নৌ-পুলিশ, ডিবি ও ট্রাফিক পুলিশ সার্বক্ষণিক দায়িত্বে থাকবে। গুজব প্রতিরোধে সাইবার টিমও কাজ করছে।
