The Sangbad · সাধারণ
ভারত থেকে এলো ১৮টি আধুনিক রেলকোচ
১৬/১০/২০২৬

দর্শনা সীমান্ত হয়ে দেশে পৌঁছাল প্রথম চালানবাংলাদেশ রেলওয়ের বহরে যুক্ত হতে ভারত থেকে দেশে এসেছে ১৮টি আধুনিক ব্রডগেজ রেলকোচের একটি বড় চালান।আজ শুক্রবার দুপুরে চুয়াডাঙ্গার দর্শনা আন্তর্জাতিক রেলস্টেশন দিয়ে যাত্রীবাহী কোচের এই বহরটি বাংলাদেশে প্রবেশ করে। বাংলাদেশ রেলওয়ে ও ভারতের সংস্থা রাইটস লিমিটেডের মধ্যকার চুক্তির আওতায় নির্ধারিত ২০০টি কোচের মধ্যে এটিই প্রথম চালান।ট্রেন কোচগুলো দেশে পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করে দর্শনা আন্তর্জাতিক রেলস্টেশনের স্টেশন ম্যানেজার মামুনুর রশিদ জানান, "ভারতের পাঞ্জাবের কাপুরথালায় তৈরি কোচগুলো গত ১২ অক্টোবর বাংলাদেশে আসার উদ্দেশে যাত্রা শুরু করে। দেশে পৌঁছানোর পর প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা চলছে। এরপর কোচগুলো সৈয়দপুর রেলওয়ে কারখানায় নেওয়া হবে।"
হস্তান্তর করা এই চালানের মধ্যে রয়েছে তিনটি শীতাতপ নিয়ন্ত্রিত শয্যাযান, তিনটি শীতাতপ নিয়ন্ত্রিত চেয়ার কোচ, ১১টি সাধারণ চেয়ার কোচ এবং একটি বিদ্যুৎ সরবরাহকারী জেনারেটর কোচ।রেলওয়ে সূত্রে জানা গেছে, দর্শনা স্টেশনের শুল্ক ও অন্যান্য আইনি প্রক্রিয়া শেষ করে কোচগুলোকে দ্রুত সৈয়দপুর রেলওয়ে কারখানায় পাঠানো হবে। সেখানে প্রকৌশলীদের প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা ও কারিগরি মান যাচাই শেষে কোচগুলোকে বিভিন্ন আন্তঃনগর ট্রেনে যুক্ত করার চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন করা হবে।
মূল প্রতিবেদনে যান ↗