মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দিতে যাচ্ছেন ইশরাক হোসেন। সোমবার দুপুর দুইটায় জাতীয় প্রেসক্লাবে সাংবাদিকদের মুখোমুখি হওয়ার কথা জানিয়েছেন তিনি।
সোমবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান ইশরাক। একই পোস্টে পদত্যাগের প্রসঙ্গের পাশাপাশি ভবিষ্যৎ রাজনৈতিক কর্মকাণ্ড নিয়েও নিজের অবস্থান তুলে ধরেন তিনি।
ইশরাক লেখেন, প্রতিমন্ত্রী বা সংসদ সদস্য হিসেবে নয়, এবার একজন বিএনপি কর্মী হিসেবে মাদকবিরোধী কার্যক্রমে আরও বেশি উদ্দীপনা নিয়ে কাজ করবেন। পরিচ্ছন্নতা কর্মসূচি জোরদার করা এবং প্রজন্ম দলের সাংগঠনিক শক্তি বাড়াতে বিভিন্ন জেলা সফরের পরিকল্পনার কথাও জানান তিনি।
সম্প্রতি রাজধানীর গেন্ডারিয়ায় মাদকবিরোধী অভিযানে আগ্নেয়াস্ত্র হাতে ইশরাকের উপস্থিতির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা-সমালোচনা তৈরি হয়। এ ঘটনায় আইনের কোনো ব্যত্যয় ঘটেছে কি না, তা তদন্ত করছে ঢাকা মহানগর পুলিশ।
এর আগে রোববার একাধিক সরকারি ও দলীয় সূত্রের বরাতে জানা যায়, প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁকে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন।
তবে দুপুর দুইটায় সংবাদ সম্মেলনে ইশরাক কী ঘোষণা দেন, সেটিই এখন আলোচনার বিষয়। তাঁর ফেসবুক পোস্ট অনুযায়ী, তিনি প্রতিমন্ত্রীর পদ ছাড়ার চূড়ান্ত ঘোষণা দেবেন বলে জানিয়েছেন।
