রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৬ নম্বর ফেরিঘাট এলাকায় পদ্মা নদীতে গোসল করতে নেমে নুর আলম (৮) নামে এক শিশু নিখোঁজ হয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটে।
নিখোঁজ শিশুটিকে উদ্ধারে ফায়ার সার্ভিস, নৌ-পুলিশ ও স্থানীয় ডুবুরিদের অভিযান অব্যাহত রয়েছে। নুর আলম দৌলতদিয়া ইউনিয়নের শাহাদত মেম্বারপাড়া এলাকার বাসিন্দা রেজাউল ফকিরের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে বন্ধুদের সঙ্গে দৌলতদিয়া ৬ নম্বর ফেরিঘাট এলাকায় পদ্মা নদীতে গোসল করতে নামে নুর আলম। গোসলের একপর্যায়ে নদীর প্রবল স্রোতে ভেসে গিয়ে পানিতে তলিয়ে নিখোঁজ হয় সে। এ সময় সঙ্গে থাকা শিশুরা তাকে উদ্ধারের চেষ্টা করেও ব্যর্থ হয়। পরে তাদের চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে নদীতে খোঁজাখুঁজি শুরু করেন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল, নৌ-পুলিশ, থানা পুলিশ ও স্থানীয় ডুবুরিরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন।
ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, নিখোঁজ শিশুটিকে উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে। তাকে খুঁজে না পাওয়া পর্যন্ত উদ্ধার অভিযান অব্যাহত থাকবে।
এদিকে শিশুটির নিখোঁজের খবর ছড়িয়ে পড়লে পদ্মা নদীর পাড়ে ভিড় করেন স্থানীয় লোকজন।
এমএ
