
সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, পরিবহন খাত অত্যন্ত ঝুঁকিপূর্ণ। দুর্ঘটনায় কোনো শ্রমিকের মৃত্যু হলে তাঁর পরিবার আর্থিক ও সামাজিক সংকটে পড়ে। শ্রমিকবান্ধব সরকার সবসময় শ্রমিকদের পাশে রয়েছে। সিলেট সিটি করপোরেশনও শ্রমিকদের কল্যাণে পাশে থাকবে। রোববার দুপুরে সিলেট জেলা বাস-মিনিবাস-কোচ-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের (রেজি. নং বি-১৪১৮) কল্যাণ তহবিল থেকে মৃত্যুবরণকারী শ্রমিকদের পরিবারের মধ্যে অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, একজন কর্মক্ষম মানুষ মারা গেলে তাঁর ওপর নির্ভরশীল পরিবারের সদস্যরা বিপাকে পড়েন। এ অবস্থায় শ্রমিকদের পরিবারের পাশে দাঁড়াতে সংগঠনের মানবিক উদ্যোগ প্রশংসনীয়। শ্রমিকদের কল্যাণে ইউনিয়ন ও সরকারের পাশাপাশি সমাজের সামর্থ্যবান ব্যক্তিদেরও এগিয়ে আসতে হবে। তিনি আরও বলেন, নগরীর উন্নয়ন ও নাগরিকসেবা নিশ্চিত করতে পরিবহন শ্রমিকদের সহযোগিতা প্রয়োজন। পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সিটি করপোরেশন ও পরিবহন শ্রমিকেরা একসঙ্গে কাজ করলে নগরীর উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে।
সংগঠনের সভাপতি ময়নুল ইসলামের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী আকবর রাজনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিলেট জেলা সড়ক পরিবহন মালিক-শ্রমিক সমন্বয় পরিষদের সভাপতি নাজিম উদ্দীন লস্কর ও ট্রাক মালিক গ্রুপের সাধারণ সম্পাদক সাদেক খান। অনুষ্ঠানে সংগঠনের কার্যকরী সভাপতি সাহেব আলী, সহসভাপতি মানিক মিয়া, সহসাধারণ সম্পাদক মাহবুব মিয়া, সাংগঠনিক সম্পাদক আবুল হাসনাত আবুল, প্রচার সম্পাদক হারিছ আলী, কোষাধ্যক্ষ আব্দুস শহিদসহ কার্যকরী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষ পর্বে শ্রমিক ইউনিয়নের কল্যাণ তহবিল থেকে মৃত্যুবরণকারী সদস্যদের পরিবারের মধ্যে ৫০ হাজার টাকা করে অনুদান প্রদান করা হয়। অনুদানপ্রাপ্ত পরিবারগুলো হলো, গোয়ালাবাজার মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের মরহুম হেলাল মিয়ার পরিবার; কদমতলী মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের মরহুম সোয়েদ আহমদের পরিবার ও মরহুম রফিক আহমদের পরিবার; সিলেট-ঢাকা বাস শ্রমিক মরহুম মুহিব উদ্দিনের পরিবার, মরহুম আতিকুর রহমানের পরিবার, রঞ্জিত দেবের পরিবার ও মরহুম শিশু মিয়ার পরিবার; সিলেট-সুনামগঞ্জ সড়কের বাস শ্রমিক প্রয়াত দিলীপ দেবের পরিবার; সিলেট-তামাবিল সড়কের মিনিবাস শ্রমিক মরহুম সুলেমান আলীর পরিবার, মরহুম সমছির আলীর পরিবার, মরহুম মোহাম্মদ আলীর পরিবার, মরহুম রেজাউল করিমের পরিবার, মরহুম ফলিক আহমদের পরিবার, মরহুম আব্দুল গনির পরিবার, মরহুম হিরা মিয়ার পরিবার, প্রয়াত প্রজেশ রঞ্জন দাসের পরিবার, প্রয়াত দীপু মালাকারের পরিবার, মরহুম জয়নাল আহমদের পরিবার, মরহুম ফরহাদ আহমদের পরিবার এবং মরহুম আনোয়ার হোসেনের পরিবার। বিজ্ঞপ্তি
