গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে মাদক কারবারিদের সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। আটক মাদক কারবারিদের ছিনিয়ে নিতে দেশীয় ধারালো অস্ত্র নিয়ে চালানো এ হামলায় দুই পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল সোয়া ৫টার দিকে এ ঘটনা ঘটে। হামলায় আহত পুলিশ সদস্যরা হলেন—সহকারী উপ-পরিদর্শক (এটিএসআই) নুরুল ইসলাম এবং কনস্টেবল আশিকুর রহমান। আহতদের উদ্ধার করে তাৎক্ষণিকভাবে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে জয়দেবপুর রেলওয়ে স্টেশনের দুই নম্বর প্ল্যাটফর্ম থেকে এক নারীসহ দুই মাদক কারবারিকে ইয়াবাসহ গ্রেপ্তার করে রেলওয়ে পুলিশ। পরবর্তীতে আটককৃতদের ফাঁড়িতে নিয়ে আসা হলে কিছুক্ষণের মধ্যেই একদল অস্ত্রধারী মাদক কারবারি রামদা ও দেশীয় ধারালো অস্ত্র নিয়ে ফাঁড়িতে হামলা চালায়। হামলাকারীরা পুলিশের ওপর চড়াও হয় এবং হুমকি দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঢাকা ও জয়দেবপুর রেলওয়ে পুলিশ এবং গাজীপুর সদর মেট্রো থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
রেলওয়ে পুলিশ জানায়, হামলাকারীদের দ্রুত সনাক্ত ও গ্রেপ্তারে পুলিশি অভিযান শুরু হয়েছে। এ ঘটনায় মাদক নিয়ন্ত্রণ আইন এবং পুলিশের ওপর হামলার অভিযোগে পৃথক দুটি মামলা প্রক্রিয়াধীন।
