সৌদি আরবের পবিত্র মক্কা নগরীতে দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূতকে তলব করে সার্বিক পরিস্থিতি জানতে চেয়েছে বাংলাদেশ সরকার। একই সঙ্গে ঘটনাটির সুনির্দিষ্ট ও পূর্ণাঙ্গ তথ্য জানতে রাষ্ট্রদূতের কাছে একটি কূটনৈতিকপত্র দেওয়া হয়েছে। মৃত্যুদণ্ড কার্যকরের আগে বা পরে বাংলাদেশকে এ বিষয়ে অবহিত না করার বিষয়টিও সরকারের উদ্বেগের কারণ হয়ে উঠেছে।
গতকাল দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব
(দ্বিপক্ষীয় বিষয়াবলি) মো. নজরুল ইসলাম বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত আবদুল্লাহ বিন জাফর এইচ বিন আবিয়ারের সঙ্গে জরুরি বৈঠক করেন। বৈঠকে দুই
বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা, এর পেছনের অভিযোগ এবং বিচারিক প্রক্রিয়াসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে তথ্য জানতে চাওয়া হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সৌদি আরবের মক্কা নগরীর একটি মসজিদে ‘অনৈতিক কর্মকাণ্ডে’ জড়িত থাকার অভিযোগে দুই বাংলাদেশিকে দোষী সাব্যস্ত করে দেশটির কর্তৃপক্ষ মৃত্যুদণ্ড কার্যকর করেছে। তবে এ ঘটনায় বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে মৃত্যুদণ্ড কার্যকরের আগে কিংবা পরবর্তী সময়ে যথাযথভাবে অবহিত করা হয়নি বলে জানা গেছে। বিষয়টি জানার পর দুই বাংলাদেশির বিচারপ্রক্রিয়া ও দণ্ড কার্যকরের বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহের উদ্যোগ নেয় ঢাকা।
এ ঘটনায় সৌদি রাষ্ট্রদূতকে ডেকে পাঠানোর পাশাপাশি মৃত্যুদণ্ড কার্যকরের সার্বিক পরিস্থিতি সম্পর্কে ব্যাখ্যা চেয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। দুই বাংলাদেশির বিরুদ্ধে আনা অভিযোগের প্রকৃতি, মামলার বিচারিক প্রক্রিয়া, দণ্ড ঘোষণার সময় এবং তা কার্যকরের আগে বাংলাদেশকে অবহিত করা হয়েছিল কিনা— এসব বিষয়ে বিস্তারিত তথ্য জানতে চাওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এদিকে এই ঘটনায় বিস্তারিত তথ্য চেয়ে গত বৃহস্পতিবার সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে জেদ্দায় অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট। দুই বাংলাদেশির পরিচয়, তাদের বিরুদ্ধে আনা অভিযোগ, বিচারপ্রক্রিয়ার বিবরণ এবং মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে আনুষ্ঠানিক তথ্য জানতে চাওয়া হয়েছে।
সৌদি আরবে বিপুলসংখ্যক বাংলাদেশি কর্মী ও প্রবাসীর বসবাস। তাদের অধিকার ও আইনি সুরক্ষার বিষয়টি বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। বিদেশের মাটিতে কোনো বাংলাদেশি নাগরিক গুরুতর অপরাধে অভিযুক্ত হলে সংশ্লিষ্ট দেশের আইন অনুযায়ী বিচারপ্রক্রিয়া পরিচালিত হয়। তবে এ ধরনের ঘটনায় বাংলাদেশি নাগরিকদের বিষয়ে প্রয়োজনীয় তথ্য পাওয়া এবং কূটনৈতিক যোগাযোগ বজায় রাখা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জন্য গুরুত্বপূর্ণ।
মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় বিস্তারিত তথ্য সংগ্রহে ঢাকা ও জেদ্দার কূটনৈতিক তৎপরতা অব্যাহত রয়েছে। সৌদি কর্তৃপক্ষের কাছ থেকে আনুষ্ঠানিক ব্যাখ্যা পাওয়ার পরই এ ঘটনার পূর্ণাঙ্গ চিত্র স্পষ্ট হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
