রাজধানীর টিকেটলিতে রাস্তা পারাপারের সময় যাত্রীবাহী বাসচাপায় রিনা রানী ঘোষ নামে এক নারী নিহত হয়েছেন। সোমবার দুপুর পৌনে ১টার দিকে টিকাটুলী ওভারব্রীজের নিচে এ ঘটনা ঘটে।
ওয়ারী থানার উপপরিদর্শক (এসআই) আবু বক্কর জানান, দুপুরে ওই নারী টিকাটুলি ওভার ব্রিজের নিচে রাস্তা পার হচ্ছিল। এসময় দোয়েল পরিবহনের ও বন্ধন পরিবহনে একটি বাসকে ওভারটেকিং করার সময় ওই নারীকে চাপা দেয়। এতে চাকার নিচে পৃষ্ঠ হয়ে সে ঘটনাস্থলে মারা যায়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। এরপর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।
এসআই আরও জানান, ঘটনার পরপরই দোয়েল পরিবহন বাসটি জব্দ করা হয় এবং এর চালককে আটক করা হয়।এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে মৃত রিনা রানী ঘোষের স্বামী বিশ্বজিত ঘোষ জানান, তাদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার ইব্রাহিমপুর গ্রামে। বর্তমানে দুই ছেলে ও স্ত্রীকে নিয়ে ওয়ারী কে এম দাস লেনের স্বামীবাগ এলাকায় থাকেন। সে নিজে ঠাটারী বাজার মাছ কাটার কাজ করেন। তার স্ত্রী মানুষের বাসায় কাজ করতেন। তার ছোট ছেলে পিথু ঘোষ নবাবপুর একটি স্কুলে লেখাপড়া করে। ছেলেকে স্কুলে দিয়ে বাসায় ফেরার জন্য টিকাটুলি এলাকায় রাস্তা পার হচ্ছিল। এসময় বাসের চাপায় সে মারা যায়।
