মানিকগঞ্জের হরিরামপুরে দুর্গামণ্ডপের বিদ্যুৎ সংযোগের ক্যাবল রাখা নিয়ে বিরোধের জেরে কৃষ্ণ কুমার রায় নামে এক ব্যক্তিকে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে। তিনি স্থানীয় একটি মন্দির কমিটির সাধারণ সম্পাদক।
শনিবার (১৭ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার কান্ঠাপাড়া বাজারে তাঁর নিজস্ব গ্রিলের দোকানে এ হামলার ঘটনা ঘটে। আহত কৃষ্ণ কুমার রায় বয়ড়া ইউনিয়নের আন্ধারমানিক গ্রামের বাসিন্দা। পরে তাঁকে হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, দুর্গামণ্ডপের বিদ্যুৎ সংযোগের ক্যাবল রাখা নিয়ে কৃষ্ণ কুমার রায়ের সঙ্গে এক কাঠ ব্যবসায়ীর বাগ্বিতণ্ডা হয়। এর জেরে কয়েকজন ব্যক্তি তাঁর দোকানে গিয়ে লোহার রড ও কাঠ দিয়ে মারধর করেন বলে অভিযোগ রয়েছে।
ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানিয়েছেন, এ ঘটনায় তদন্ত চলছে। জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এমএস/
