আহত রামিম বিশ্বাস পারহাজী গ্রামের হাবিবুর বিশ্বাসের ছেলে। স্থানীয় বিএনপি সূত্রে জানা গেছে, তিনি মধুপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকালে রামিম বিশ্বাস একটি ভ্যানে করে কোলাবাজারের দিকে যাচ্ছিলেন। পথে পারহাজী গ্রামের আইনাল মোল্লার বাড়ির সামনে প্রধান সড়কে পৌঁছালে মোটরসাইকেলে আসা একদল অজ্ঞাতনামা দুর্বৃত্ত পেছন থেকে তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিটি তাঁর পিঠের ডান পাশে পাঁজরে বিদ্ধ হলে তিনি ভ্যান থেকে মাটিতে পড়ে যান। এ সময় হামলাকারীরা দ্রুত মোটরসাইকেল চালিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পরে স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে সার্জারি ওয়ার্ডে তাঁর চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসকদের বরাত অনুযায়ী, অস্ত্রোপচারের পর তাঁর শারীরিক অবস্থা আশঙ্কামুক্ত রয়েছে।এদিকে পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) খুলনা সফরের মধ্যেই এ গুলির ঘটনা ঘটায় স্থানীয় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং খুলনা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আবির সিদ্দিকী শুভ্র ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তাঁরা জানান, খবর পাওয়ার পর পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। হামলার পেছনে কারা জড়িত এবং কী কারণে এ ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান চলছে। তবে হামলার উদ্দেশ্য এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিদের পরিচয় সম্পর্কে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
The post খুলনায় আইজিপির সফরের মধ্যেই যুবদল নেতাকে গুলি, অস্ত্রোপচারের পর শঙ্কামুক্ত appeared first on ভোরের চেতনা.
