পাকিস্তানে স্কুলের ছাদ ধসে প্রাণহানি বেড়ে ৩৪
চ্যানেল আই অনলাইনপ্রকাশ:
পাকিস্তানের পেশোয়ারে একটি বেসরকারি স্কুলের ছাদ ধসে নিহতের সংখ্যা বেড়ে ৩৪ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে ৩৩ জন শিশু ও একজন শিক্ষক রয়েছেন।
বিবিসি জানিয়েছে, বৃহস্পতিবার ১৫ অক্টোবর সকালে খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারের দির কলোনি এলাকায় আল খাইর নামের স্কুলে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় লেডি রিডিং হাসপাতাল ৩৩ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। অন্যদিকে, নাসিরুল্লাহ খান বাবর মেমোরিয়াল হাসপাতাল আরও একজন শিক্ষার্থীর মৃত্যুর খবর জানিয়েছে।
লেডি রিডিং হাসপাতালের তথ্য অনুযায়ী, সেখানে ৩৩ জনের মরদেহ আনা হয়েছে। নিহতদের মধ্যে ২৫ বছর বয়সী শিক্ষক সামরিন বিবিও রয়েছেন। হাসপাতালে নেওয়া শিশুদের বয়স ছয় থেকে ১৪ বছরের মধ্যে। চিকিৎসা শেষে ১৭ শিশুকে ছাড়পত্র দেওয়া হয়েছে। তবে একজন শিক্ষক ও তিন শিশু এখনও সেখানে চিকিৎসাধীন রয়েছে। অন্যদিকে, নাসিরুল্লাহ খান বাবর মেমোরিয়াল হাসপাতাল জানিয়েছে, স্কুল থেকে ৩৩ জন শিক্ষার্থীকে সেখানে নেওয়া হয়েছিল। তাদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে।
এর আগে, উদ্ধারকারী সংস্থা রেসকিউ ১১২২ এর আঞ্চলিক পরিচালক আরিফ খাত্তাক জানিয়েছিলেন, স্কুল ভবন ধসের পর উদ্ধার অভিযান শেষ হয়েছে। ঘটনাস্থল থেকেই একজন নারী শিক্ষকসহ মোট ২৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছিল।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…
