Published : 23 Oct 2026, 10:36 AM
Updated : 23 Oct 2026, 10:36 AM
চলমান নিষেধাজ্ঞার মধ্যে চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় ইলিশ মাছ ধরার দায়ে ২০ জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
এ সময় নিষিদ্ধ কারেন্ট জাল, নৌকা ও ইলিশ মাছ জব্দ করা হয়।
বৃহস্পতিবার বিকাল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হুদার নেতৃত্বে জেলা টাস্ক ফোর্সের আওতায় এ অভিযান পরিচালিত হয় বলে জানান সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান।
কারাদণ্ড প্রাপ্তরা হলেন- মফিজ গাজী (৬০), তোফাজ্জল হোসেন (৫৫), দেলু সরদার (৪৫), মো. মাসুদ (৪১), মো. আব্বাস (৪০), মো. হাবিব খান (৪০), নুর মোহাম্মদ (৩৫), মো. হাবিব (৩৫), কালু খান (৩০), মো. বারেক (২৮), শহীদ গাজী (২৬), শুক্কুর শেখ (২৫), আলমগীর হাওলাদার (২৫), সিয়াম পাটওয়ারী (২২), হাবিব খান (২০), রিপন মিয়াজী (২০), সাব্বির গাজী (১৮), ফরহাদ গাজী (১৯), মো. শাকিল (১৯) ও মো. রবিউল ইসলাম (১৯)। তাদের বাড়ি সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের বিভিন্ন গ্রামে।
মৎস্য কর্মকর্তা মিজানুর রহমান বলেন, অভিযানকালে ২০ জেলে আটক, ৩০ কেজি ইলিশ, ৩৫ হাজার মিটার কারেন্ট জাল ও ৩ ইঞ্জিন চালিত মাছ ধরার কাঠের নৌকা জব্দ করা হয়।
আটক ২০ জেলের মধ্যে মধ্যে ১৩ জনকে ১০ দিন করে সশ্রম কারাদণ্ড ও ৭ জনকে ১৫ দিন করে সশ্রম কারাদণ্ড এবং জন প্রতি এক হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এছাড়া জব্দ করা ইলিশ এতিমখানা ও দুস্থদের মাঝে বিতরণ এবং নৌকা কোস্ট গার্ডের হেফাজতে রাখা হয়।
জব্দ জাল নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে পুড়িয়ে বিনষ্ট করা হয় বলেও জানান তিনি।
