Published on
:
2 min read
৩৭ বছর বয়সে LinkedIn-এ যোগ দিলেন বিরাট কোহলি (Virat Kohli)। পেশাদারদের জন্য তৈরি এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এ বারই প্রথম পা রাখলেন ভারতীয় ক্রিকেটের তারকা ব্যাটার। ক্রিকেটের পাশাপাশি ব্যবসার জগতেও নিজের পরিচিতি বাড়াচ্ছেন কোহলি। বিনিয়োগকারী হিসেবে অ্যাজিলিটাস (Agilitas) এবং ওয়ানএইটওয়ার্ল্ডের (one8world) সহ-প্রতিষ্ঠাতা হিসেবে তাঁর এই নতুন পদক্ষেপ সেই পরিকল্পনারই ইঙ্গিত দিচ্ছে।
LinkedIn-এ কোহলির প্রথম পোস্ট শুধু ক্রিকেটকে ঘিরে নয়, বরং তাঁর সঙ্গে যুক্ত বিভিন্ন ব্র্যান্ডের প্রচার নিয়েও। খেলাধুলো এবং ব্যবসার মধ্যে যোগসূত্র তৈরি করতে চেয়েছেন তিনি। ক্রিকেটের জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে ক্রীড়াসামগ্রীর বাজারে আরও বড় জায়গা করে নেওয়াই তাঁর লক্ষ্য। অ্যাজিলিটাসে বিনিয়োগকারী হিসেবে যুক্ত রয়েছেন কোহলি। পাশাপাশি ওয়ানএইটওয়ার্ল্ডের সহ-প্রতিষ্ঠাতা ও অন্যতম স্রষ্টা তিনি। দু’টি ব্র্যান্ডই খেলাধুলোর সঙ্গে যুক্ত। কোহলির জার্সির ১৮ নম্বর থেকে অনুপ্রাণিত হয়েই তৈরি হয়েছে ‘ওয়ানএইট’ নামটি। ব্র্যান্ড দু’টি চালু হওয়ার পর থেকেই ক্রিকেটপ্রেমীদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।
ভারতীয় খেলাধুলোকে বিশ্বমঞ্চে তুলে ধরার স্বপ্ন
LinkedIn-এ নিজের পোস্টে ভারতীয় খেলাধুলোর ভবিষ্যৎ এবং নতুন প্রজন্মের অ্যাথলিটদের নিয়ে নিজের ভাবনার কথা জানিয়েছেন কোহলি। তাঁর বিশ্বাস, বিশ্বমানের অ্যাথলিট তৈরির পাশাপাশি আন্তর্জাতিক বাজারে নিজেদের ব্র্যান্ডকেও প্রতিষ্ঠা করতে পারে ভারত।
কোহলি লিখেছেন, ‘আমি বরাবর এমন একটা ভারত দেখতে চেয়েছি, যেখানে প্রতিটি খেলা দেখা হবে, উদ্যাপন করা হবে এবং মানুষ খেলবে। এখন মনে হচ্ছে, সেই স্বপ্ন আগের চেয়ে অনেক বেশি বাস্তবের কাছাকাছি। নতুন প্রজন্ম প্রমাণ করছে, ভারত বিশ্বমানের অ্যাথলিট তৈরি করতে পারে এবং আন্তর্জাতিক মঞ্চে নিজেদের ব্র্যান্ডকেও প্রতিষ্ঠা করতে পারে। আমাদের লক্ষ্য, ভারত থেকে এমন একটি সম্পূর্ণ ক্রীড়া পরিকাঠামো গড়ে তোলা, যার মধ্যে থাকবে খেলাধুলোর সরঞ্জাম তৈরি, সাধারণ ক্রেতাদের জন্য বিভিন্ন পণ্য এবং ক্রীড়াসামগ্রী বণ্টনের ব্যবস্থা। আমরা বিশ্বাস করি, বিশ্বের মঞ্চে খেলাধুলোর ভবিষ্যৎ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে ভারত। শুধু সেই মঞ্চে অংশ নেওয়াই আমাদের লক্ষ্য নয়।’
এর পরেই অ্যাজিলিটাসে বিনিয়োগকারী হিসেবে যোগ দেওয়া এবং ওয়ানএইটওয়ার্ল্ডের সহ-প্রতিষ্ঠাতা ও অন্যতম স্রষ্টা হওয়ার কারণ ব্যাখ্যা করেছেন কোহলি। তিনি বলেছেন, ‘এই কারণেই আমি অ্যাজিলিটাসের সঙ্গে বিনিয়োগকারী হিসেবে যুক্ত হয়েছি। পাশাপাশি ওয়ানএইটওয়ার্ল্ডের সহ-প্রতিষ্ঠাতা ও অন্যতম স্রষ্টা হিসেবেও কাজ করছি। আমার ক্রিকেটজীবন জুড়ে একটা বিশ্বাস আমাকে এগিয়ে যেতে সাহায্য করেছে— উন্নতি করতে হলে পরিচিত গণ্ডির বাইরে যেতে হবে, নিজেদের মান আরও উঁচুতে নিয়ে যেতে হবে এবং নতুন ভাবে ভাবার সাহস দেখাতে হবে।’
🚨 BIG BREAKING: VIRAT KOHLI IS NOW ON LINKEDIN!🚨 Bro has conquered cricket, built a massive brand, and now he's entering LinkedIn! From chasing records to building an empire. The King never stops! https://t.co/We1YcUss4B
— manzur shaban (@Manzurshaban123) October 13, 2026
দিল্লিতে ওয়ানএইটওয়ার্ল্ডের সাফল্যে খুশি কোহলি
নিজের শহর দিল্লিতে ওয়ানএইটওয়ার্ল্ডের জনপ্রিয়তা দেখেও খুশি কোহলি। তাঁর মতে, ব্র্যান্ডটিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এ বার বড় লক্ষ্য নিয়ে কাজ করার সময় এসেছে। কোহলি লিখেছেন, ‘এই ভাবনা থেকেই আমরা ব্র্যান্ডটিকে বিশ্বের সামনে তুলে ধরেছিলাম। আমার নিজের শহর দিল্লিতে হাজার হাজার মানুষের সামনে ওয়ানএইটওয়ার্ল্ডকে বাস্তব রূপ নিতে দেখা আমার জীবনের অন্যতম স্মরণীয় মুহূর্ত। আমাদের লক্ষ্য স্পষ্ট। এমন কিছু তৈরি করার সময় এসেছে, যা আমাদের সবার পরেও টিকে থাকবে। আমরা সেই পথেই এগোচ্ছি।’
এ দিকে, ভারতীয় দলের হয়ে পরের বার নিউ জ়িল্যান্ড সফরে একদিনের আন্তর্জাতিক ম্যাচে খেলতে দেখা যেতে পারে কোহলিকে। সূচি অনুযায়ী, ৪ নভেম্বর ২০২৬ অকল্যান্ডের ইডেন পার্কে সিরিজ়ের প্রথম একদিনের ম্যাচে মুখোমুখি হওয়ার কথা ভারত ও নিউ জ়িল্যান্ডের।