জাহিদ হাসান কাউনিয়া উপজেলার হরিশ্বর গ্রামের দিনমজুর মোহাম্মদ আলী ও জোস্না বেগম দম্পতির তিন সন্তানের মধ্যে দ্বিতীয়। পরিবারের আর্থিক সীমাবদ্ধতার মধ্যেও পড়াশোনা চালিয়ে যাচ্ছেন তিনি। বর্তমানে কাউনিয়া কলেজে ডিগ্রি প্রথম বর্ষের চূড়ান্ত পরীক্ষায় অংশ নেওয়ার পাশাপাশি রেফারিং পেশায় নিজের দক্ষতা ও অভিজ্ঞতা বাড়াতে নিয়মিত পরিশ্রম করছেন।
দেশীয় ফুটবলে ইতিমধ্যে নিজের যোগ্যতার পরিচয় দিয়েছেন জাহিদ। ঢাকার মাঠে বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ (বিসিএল), ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশনসহ বিভিন্ন বয়সভিত্তিক ফুটবল প্রতিযোগিতার ম্যাচ পরিচালনা করেছেন তিনি। এসব প্রতিযোগিতায় দায়িত্ব পালনের মধ্য দিয়ে রেফারি হিসেবে অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি নিজের অবস্থান আরও সুদৃঢ় করার চেষ্টা করছেন।
জাহিদের অগ্রযাত্রায় উল্লেখযোগ্য সংযোজন হয়েছে সম্প্রতি অনুষ্ঠিত ন্যাশনাল ফিটনেস টেস্টে উত্তীর্ণ হওয়ার সাফল্য। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, পুরো রংপুর জেলা থেকে একমাত্র প্রতিনিধি হিসেবে তিনি এ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। পাশাপাশি প্রথম শ্রেণি থেকে ন্যাশনাল পর্যায়ের পরীক্ষার লিখিত অংশেও সন্তোষজনক ফল করেছেন বলে জানিয়েছেন তিনি।
ন্যাশনাল রেফারি হওয়ার বিষয়ে আশাবাদ ব্যক্ত করে জাহিদ হাসান জানান, লিখিত পরীক্ষার চূড়ান্ত ফলাফলে উত্তীর্ণ হয়ে শিগগিরই ন্যাশনাল রেফারি হিসেবে স্বীকৃতি পাওয়ার ব্যাপারে তিনি আশাবাদী। তবে তাঁর স্বপ্ন শুধু জাতীয় পর্যায়ে সীমাবদ্ধ নয়। ভবিষ্যতে ফিফা রেফারি হয়ে আন্তর্জাতিক ফুটবলে ম্যাচ পরিচালনা এবং দেশের সুনাম ছড়িয়ে দেওয়াই তাঁর মূল লক্ষ্য।
জাহিদের এই অগ্রযাত্রায় আনন্দিত তাঁর পরিবার, স্থানীয় বাসিন্দা ও ফুটবলপ্রেমীরা। একজন দিনমজুরের সন্তান হিসেবে নানা সীমাবদ্ধতার মধ্যেও খেলাধুলার একটি গুরুত্বপূর্ণ পেশায় এগিয়ে যাওয়ায় তাঁকে ঘিরে আশাবাদ তৈরি হয়েছে স্থানীয় তরুণদের মধ্যে। তকিপল বাজারসহ কাউনিয়া এলাকার অনেকেই তাঁর সাফল্যের অপেক্ষায় রয়েছেন।
স্বপ্নপূরণের পথে আরও এক ধাপ এগিয়ে যেতে পরিবার, শিক্ষক, সহপাঠী ও দেশবাসীর কাছে দোয়া ও আশীর্বাদ চেয়েছেন জাহিদ হাসান। তাঁর প্রত্যাশা, কঠোর পরিশ্রম, নিয়মিত অনুশীলন ও অভিজ্ঞতার মাধ্যমে একদিন ফিফা রেফারি হওয়ার স্বপ্ন পূরণ করতে পারবেন এবং আন্তর্জাতিক ফুটবল অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন।
The post ফিফা রেফারি হওয়ার স্বপ্ন কাউনিয়ার তরুণ জাহিদ হাসানের appeared first on ভোরের চেতনা.
