রায়গঞ্জে ছয় ওয়ার্ড নিয়ে নতুন ইউনিয়ন গঠনের উদ্যোগ, গণশুনানি
-
রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি - আপডেট সময় ০১:২৩:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ছয়টি ওয়ার্ড নিয়ে ‘ভূঞাগাতী’ নামে নতুন ইউনিয়ন পরিষদ গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ প্রস্তাবের বিষয়ে স্থানীয় মানুষের মতামত জানতে গণশুনানি করেছে উপজেলা প্রশাসন। সোমবার (১২ অক্টোবর) সকাল ১১টায় ভূঞাগাতী বাসস্ট্যান্ডে আয়োজিত এ গণশুনানিতে প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও স্থানীয় বাসিন্দারা অংশ নেন। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, নতুন ইউনিয়ন গঠনের প্রস্তাবে ঘুড়কা ইউনিয়নের ১ থেকে ৪ নম্বর ওয়ার্ড এবং চান্দাইকোনা ইউনিয়নের ৮ ও ৯ নম্বর ওয়ার্ড অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে। এ বিষয়ে স্থানীয় জনগণের মতামত গ্রহণের লক্ষ্যে গত ৩০ সেপ্টেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল খালেক পাটোয়ারীর স্বাক্ষরে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। গণশুনানিতে উপস্থিত ছিলেন রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল খালেক পাটোয়ারী, সহকারী কমিশনার (ভূমি) মো. রওশন কবির, রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসানুজ্জামান এবং সলঙ্গা থানার তদন্ত কর্মকর্তা মো. লুৎফর রহমানসহ স্থানীয় রাজনৈতিক নেতা ও জনপ্রতিনিধিরা। শুনানিতে নতুন ইউনিয়ন গঠনের যৌক্তিকতা, প্রশাসনিক সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া এবং এলাকার উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। একই সঙ্গে প্রস্তাবটির বিষয়ে স্থানীয় বাসিন্দাদের মতামত ও বক্তব্য শোনা হয়। তবে গণশুনানির মাধ্যমে নতুন ইউনিয়ন গঠনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। স্থানীয়দের মতামত এবং প্রশাসনিক ও অন্যান্য প্রাসঙ্গিক বিষয় পর্যালোচনা করে পরবর্তী সময়ে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ
