বিশ্ববাজারে বুধবার স্বর্ণের দাম প্রায় অপরিবর্তিত রয়েছে। যুক্তরাষ্ট্রের ভোক্তা মূল্যসূচক (সিপিআই) প্রকাশের আগে বিনিয়োগকারীরা স্বর্ণ কেনা-বেচায় সতর্ক অবস্থানে থাকায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
রয়টার্স বলছে, মূল্যস্ফীতির এই তথ্য থেকে দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের ভবিষ্যৎ মুদ্রানীতি সম্পর্কে ধারণা পাওয়া যেতে পারে। তাই অপেক্ষা করছেন বিনিয়োগকারীরা।
বার্তা সংস্থাটির প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার গ্রিনিচ মান সময় সকাল ৬টা ৪২ মিনিটে স্পট গোল্ডের দাম প্রতি আউন্সে প্রায় অপরিবর্তিত থেকে ৪ হাজার ১৫১ ডলার ৫১ সেন্টে দাঁড়ায়।
একই সময়ে যুক্তরাষ্ট্রের ডিসেম্বর মাসে সরবরাহের জন্য নির্ধারিত স্বর্ণের ফিউচার মূল্যও স্থিতিশীল ছিল। প্রতি আউন্সের দাম ছিল ৪ হাজার ১৭৪ ডলার ৯০ সেন্ট।
বাজারসংশ্লিষ্টদের নজর এখন যুক্তরাষ্ট্রের সিপিআই তথ্যের দিকে। এই পরিসংখ্যান দেশটির মূল্যস্ফীতির পরিস্থিতি সম্পর্কে গুরুত্বপূর্ণ ধারণা দেবে এবং ফেডারেল রিজার্ভের সুদের হার নির্ধারণের সিদ্ধান্তে প্রভাব ফেলতে পারে।
ফলে মূল্যস্ফীতির তথ্য প্রকাশের আগে বিনিয়োগকারীরা সতর্ক অবস্থানে রয়েছেন, যার প্রতিফলন দেখা যাচ্ছে বিশ্ববাজারে স্বর্ণের দামে স্থিতিশীলতার মধ্য দিয়ে।
