গ্যাস সিলিন্ডার ও ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে অনিয়ম ঠেকাতে দেশজুড়ে অভিযান পরিচালনা করছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
রোববার (১১ অক্টোবর) ঢাকা মহানগরসহ দেশের ৩১ জেলায় পরিচালিত অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে ৮৭টি প্রতিষ্ঠানকে মোট ৭ লাখ ৭১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।
অধিদপ্তরের ৪৬টি তদারকি দল একযোগে এসব অভিযান পরিচালনা করে। গ্যাস সিলিন্ডার ও ভোজ্যতেলের সরবরাহ পরিস্থিতি, সরকার নির্ধারিত মূল্য কার্যকর করা এবং অবৈধ মজুতের মাধ্যমে কৃত্রিম সংকট তৈরির প্রবণতা ঠেকাতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
অধিদপ্তর জানিয়েছে, বাজার তদারকির সময় পণ্যের মূল্যতালিকা প্রদর্শন, নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি, ওজন ও পরিমাপে কারচুপি, মেয়াদোত্তীর্ণ পণ্য ও ওষুধ বিক্রি এবং নকল ও ভেজাল পণ্য উৎপাদন ও বাজারজাতকরণের বিষয়গুলো যাচাই করা হয়।
অভিযানকালে ব্যবসায়ীদের দোকানে দৃশ্যমান স্থানে হালনাগাদ মূল্যতালিকা প্রদর্শন, নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি এবং ক্রয়-বিক্রয়ের রসিদ সংরক্ষণের নির্দেশনা দেওয়া হয়।
পাশাপাশি অবৈধ মজুতদারি, কৃত্রিম সংকট সৃষ্টি ও ভোক্তাদের কাছ থেকে অতিরিক্ত দাম আদায় না করতে সতর্ক করা হয়। বাজার তদারকির পাশাপাশি ভোক্তা ও ব্যবসায়ীদের সচেতন করতে লিফলেট ও প্রচারপত্র বিতরণ করা হয়।
অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্বাস্থ্য পরিদর্শক, কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এবং সংশ্লিষ্ট ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা সহযোগিতা করেন।
অধিদপ্তর ভোক্তাদের প্রয়োজনের অতিরিক্ত পণ্য না কেনার পরামর্শ দিয়েছে। একই সঙ্গে পণ্য কেনার আগে মূল্যতালিকা, সর্বোচ্চ খুচরা মূল্য, উৎপাদনের তারিখ ও মেয়াদোত্তীর্ণের তারিখ যাচাই এবং ক্রয়ের রসিদ সংগ্রহ করতে বলা হয়েছে।
পণ্য কিনতে গিয়ে অতিরিক্ত মূল্য আদায়, প্রতারণা কিংবা অন্য কোনো অনিয়মের শিকার হলে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের হটলাইন ১৬১২১-এ অভিযোগ জানাতে অনুরোধ করা হয়েছে।
অধিদপ্তর জানিয়েছে, নিত্যপ্রয়োজনীয় পণ্যের স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করা, ন্যায্যমূল্য বজায় রাখা এবং ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় দেশব্যাপী নিয়মিত তদারকি ও অভিযান অব্যাহত থাকবে।
আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
