বাউবিতে আর্থিক সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান; এ লক্ষ্যে দুই দিনব্যাপী প্রশিক্ষণে বিশ্ববিদ্যালয়ের ৫২ কর্মকর্তা অংশ নেন।
প্রতিষ্ঠানের সার্বিক অগ্রগতি ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিতে আর্থিক সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান।
তিনি বলেছেন, আর্থিক ব্যবস্থাপনায় নৈতিকতা, নিয়মনীতি অনুসরণ এবং সরকারি অর্থের দক্ষ ও সাশ্রয়ী ব্যবহার নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার পর্যাপ্ত জ্ঞান ও পেশাগত দক্ষতা থাকা জরুরি।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে গাজীপুরে বাউবির কেন্দ্রীয় প্রশিক্ষণ ও সম্মেলন কেন্দ্রের লেকচার গ্যালারিতে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় প্রশিক্ষণে অংশগ্রহণকারী কর্মকর্তাদের মধ্যে সনদপত্র বিতরণ করেন তিনি।
‘কৌশলগত আর্থিক ব্যবস্থাপনা: হিসাব, নিরীক্ষা ও পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা-২০২৫ ও পাবলিক প্রকিউরমেন্ট অ্যাক্ট-২০০৬’ শীর্ষক এ প্রশিক্ষণে আর্থিক ব্যবস্থাপনা, পরিকল্পিত বাজেট প্রণয়ন, ক্রয়প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতকরণ এবং সরকারি অর্থের যথাযথ ব্যবহারের ওপর গুরুত্ব দেওয়া হয়।
ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান বলেন, একটি প্রতিষ্ঠানের সাফল্য ও টেকসই অগ্রগতির জন্য সুষ্ঠু আর্থিক ব্যবস্থাপনা অপরিহার্য।
বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি শিক্ষকদেরও আর্থিক বিধিবিধান ও নিয়মকানুন সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকা প্রয়োজন। আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা, নৈতিকতা, জবাবদিহি ও জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। এ ক্ষেত্রে নিয়মিত প্রশিক্ষণ ও কর্মশালার কোনো বিকল্প নেই।
প্রশিক্ষণে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা পেশাগত কাজে যথাযথভাবে প্রয়োগের আহ্বান জানিয়ে তিনি বলেন, সংশ্লিষ্ট সবার অভিজ্ঞতা, আন্তরিকতা, সদিচ্ছা ও অঙ্গীকার সমন্বিতভাবে কাজে লাগানো গেলে বিশ্ববিদ্যালয়ে আর্থিক সুশাসন প্রতিষ্ঠা এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি করা সম্ভব হবে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের চলমান ডিজিটাল রূপান্তর কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ এবং নতুন প্রযুক্তির ব্যবহার বাড়ানোর ওপরও তিনি গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাউবির আইকিউএসি পরিচালক ও স্কুল অব বিজনেসের অধ্যাপক ড. মোহাম্মদ জহির রায়হান। তিনি বলেন, হিসাব ব্যবস্থাপনা, নিরীক্ষা, আর্থিক শৃঙ্খলা, সরকারি অর্থের যথাযথ ব্যবহার এবং সরকারি ক্রয়সংক্রান্ত বিধিবিধানের প্রয়োগ বিষয়ে প্রশিক্ষণ কর্মকর্তাদের পেশাগত দক্ষতা ও সক্ষমতা বাড়াতে সহায়ক হবে। এর মাধ্যমে বাজেট প্রণয়ন, আর্থিক প্রতিবেদন তৈরি ও বিশ্লেষণ, নিরীক্ষা কার্যক্রম পরিচালনা, সরকারি ক্রয়প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিতকরণ এবং অনিয়ম প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে। ফলে বিশ্ববিদ্যালয়ে সুশাসন ও আর্থিক শৃঙ্খলা জোরদার হওয়ার পাশাপাশি আর্থিক ব্যবস্থাপনায় স্থিতিশীলতা ও কার্যকারিতা বাড়বে।
প্রশিক্ষণে রিসোর্স পারসন হিসেবে দায়িত্ব পালন করেন বাউবির অর্থ ও হিসাব বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) মোঃ সাজ্জাদ হোসেন চৌধুরী এবং অডিট সেলের প্রধান ও যুগ্ম-পরিচালক (অডিট) মিয়া মোঃ মনিরুজ্জামান। অনুষ্ঠানে আইকিউএসির অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. সায়মা আহমদ উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণার্থীদের পক্ষ থেকে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বিভাগের যানবাহন শাখার যুগ্ম-পরিচালক মোঃ হারুনূর রশিদ এবং পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিসংখ্যানবিদ তানজিনা আক্তার। অনুষ্ঠান সঞ্চালনা করেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মোঃ জাকির হোসেন তালুকদার।
গত ১৪ ও ১৫ অক্টোবর অনুষ্ঠিত এ প্রশিক্ষণ কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্কুল, বিভাগ ও আঞ্চলিক কেন্দ্রের মোট ৫২ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।
